বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প, ভারতের অন্ধ্র প্রদেশে মৃদু কম্পন অনুভূত

নয়া দিল্লি, ১২ জুলাই – বঙ্গোপসাগরে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার ভোরে অনুভূত এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৫। ভূমিকম্পের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলায় মৃদু কম্পন অনুভূত হয়েছে।
তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতের জাতীয় গণমাধ্যম এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার সকাল ৫টা ৫ মিনিটের দিকে উপকূলীয় শহর বিশাখাপত্তনমের বিভিন্ন এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়।
গাজুওয়াকা, মঙ্গলাপালেম, সাগর নগর, পেদ্দা ওয়ালটেয়ার, আরিলোভা, এমভিপি কলোনি এবং আপ্পুঘরসহ বেশ কিছু এলাকার বাসিন্দারা এই কম্পন অনুভব করেন।
ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস জানিয়েছে যে, রবিবার ভোরে বঙ্গোপসাগরে ৪ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পটি সংঘটিত হয়। এর প্রভাবে বিশাখাপত্তনম শহরের বিভিন্ন অংশে হালকা কম্পন ছড়িয়ে পড়ে।
অন্যদিকে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় অনুযায়ী সকাল ৫টা ৫ মিনিট ৪৬ সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
এর উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে কাকিনাডা উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে। বিশাখাপত্তনম ছাড়াও আনাকাপল্লি, ভিজিয়ানাগারাম, কাকিনাডা ও কোনাসিমা জেলার বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কোনো ধরনের সম্পদহানি বা প্রাণহানির তথ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।
এস এম/ ১২ জুলাই ২০২৬









