দক্ষিণ এশিয়া

পেট্রোলিয়াম লেভি ও মূল্যস্ফীতির প্রতিবাদে জামায়াতের ইসলামাবাদমুখী লংমার্চ স্থগিত

জামায়াতের ইসলামাবাদমুখী লংমার্চ স্থগিত

ইসলামাবাদ,২৩ সেপ্টেম্বর- প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ অনুরোধের পর পেট্রোলিয়াম লেভি ও বাড়তে থাকা মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামাবাদ অভিমুখী লংমার্চের পরবর্তী ধাপ আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তানের বিরোধী দল জামায়াতে ইসলামী (জেআই)। তবে দলটি জানিয়েছে, সরকারের সঙ্গে চূড়ান্ত বৈঠক না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন এবং মুলতানে অবস্থান কর্মসূচি চলবে।

মঙ্গলবার মুলতানে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে দলটির আমির হাফিজ নাইমুর রহমান এ ঘোষণা দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিজে তাকে ফোন করে ইসলামাবাদ অভিমুখী পদযাত্রা স্থগিত করার অনুরোধ জানিয়েছেন এবং বিষয়টি সমাধানের জন্য জামায়াত নেতৃত্বকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বর্তমানে বিদেশ সফরে থাকায় দেশে ফেরার পর দুই পক্ষের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হবে। হাফিজ নাইম বলেন, জনগণের স্বার্থে তারা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেবেন। তবে মুলতানে চলমান ধর্না কর্মসূচি থেকে সরে আসার কোনো সুযোগ নেই।

সংবাদ সম্মেলনে জামায়াত প্রধান অভিযোগ করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম ও তেলের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সরকার যেসব ত্রাণ বা সহায়তার কথা বলছে, তা একেবারেই যথেষ্ট নয়। সরকারের পক্ষ থেকে আইএমএফের শর্তের কথা বলে পেট্রোলিয়াম লেভি কমানো সম্ভব নয় বলা হলেও জ্বালানি তেলের দাম কমাতে জামায়াতের পক্ষ থেকে কয়েকটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, এবার শুধু মৌখিক আশ্বাসে কাজ হবে না। আন্দোলন প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের কাছ থেকে স্পষ্ট ও লিখিত প্রতিশ্রুতি নেওয়া হবে।

চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে সাধারণ মানুষকে স্বস্তি দিতে জামায়াতে ইসলামী এরই মধ্যে পাকিস্তানের প্রায় ৫১০টি স্থানে অবস্থান কর্মসূচি ও হরতাল পালন করেছে। দেশজুড়ে এই গণদাবির কর্মসূচির কারণে সরকার তীব্র চাপের মধ্যে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। দলটির কোনো নিজস্ব রাজনৈতিক এজেন্ডা নেই, বরং শুধু জনস্বার্থেই এই আন্দোলন চালানো হচ্ছে বলেও তিনি আবারও জানান।

এস এম/ ২৩ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language