জাতীয়

জ্বালানির দাম বাড়লেও জনদুর্ভোগ বিবেচনায় লঞ্চভাড়া কম বাড়ানো হয়েছে: মন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

ঢাকা, ২৩ সেপ্টেম্বর- জনদুর্ভোগের কথা বিবেচনা করে লঞ্চের সর্বনিম্ন ভাড়া বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার দুপুরে সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে লঞ্চের ভাড়া বৃদ্ধির বিষয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসভাড়ার পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। তবে ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, রেল মন্ত্রণালয় থেকে এবার ভাড়া বাড়ানোর জন্য অনেক চাপ আছে। কারণ, তা না হলে আরও লোকসান হবে। তবুও রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তিনি বলেছেন, ভাড়া না বাড়িয়ে বর্তমান ভাড়া যাতে রাখা যায়, সে চেষ্টা করতে। ফলে আপাতত আগের ভাড়াই থাকছে। রেলের ভাড়া না বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। একান্তই যদি ভাড়া বাড়াতে হয়, তাহলে তা যৌক্তিক হারে বাড়ানো হবে। তবে এখন পর্যন্ত ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি

লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে তিনি বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থাপনা ব্যয় বাড়াসহ সবকিছু বিবেচনায় নিয়ে নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি করেছিলেন। তবে যাত্রীদের কথা বিবেচনা করে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। এ ছাড়া আগে লঞ্চের সর্বনিম্ন ভাড়া ছিল ৩২ টাকা। এখন তা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেখ রবিউল আলম বলেন, ভাড়া বাড়ানো কাম্য নয়। কিন্তু বৈশ্বিক পরিস্থিতিতে তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। এজন্য জনদুর্ভোগের কথা বিবেচনা করেই সর্বনিম্ন ভাড়া বাড়ানোর চেষ্টা করা হয়েছে। ভাড়া বাড়ানোর নামে নৈরাজ্য কিংবা তেলের দাম বৃদ্ধির সুযোগ নিয়ে কাউকে স্বেচ্ছাচারিতার সুযোগ দেওয়া হয়নি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিএনজির দাম বাড়েনি। তাই সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। কারও বাড়তি ভাড়া নেওয়ার তথ্য পাওয়া গেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এস এম/ ২৩ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language