ভারত নিজস্ব প্রযুক্তিতে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন তৈরির উদ্যোগ নিয়েছে

মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিদেশি নির্ভরতা কমানোর পাশাপাশি উচ্চগতির রেলব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে ভারত নিজস্ব প্রযুক্তিতে ‘বি৩৫’ নামের এই ট্রেন তৈরি করছে।
দেশটির লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে এসব দেশীয় বুলেট ট্রেন তৈরি করা এবং সেগুলো পরিচালনার প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা।
এনডিটিভি জানিয়েছে, ভারতের মুম্বাই-আহমেদাবাদ হাইস্পিড রেল (এমএএইচএসআর) প্রকল্পের ব্যয় বাড়িয়ে দুই লাখ কোটি রুপির বেশি করার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ২০১৫ সালের প্রাথমিক হিসাবের তুলনায় এই ব্যয় প্রায় দ্বিগুণ। প্রকল্পে কেন্দ্রীয় বাজেট থেকে প্রায় এক লাখ কোটি রুপি দেওয়ার কথা রয়েছে।
২০২৪ সালের ডিসেম্বরে জাপান জানিয়েছিল, তারা ধীরে ধীরে ই৫ সিরিজের বুলেট ট্রেনের উৎপাদন বন্ধ করবে। দেশটি ২০৩০ সাল থেকে নতুন ই১০ সিরিজের ট্রেন উৎপাদন শুরু করার এবং ২০৩৪ সালের মধ্যে সেগুলো যাত্রীসেবায় চালুর পরিকল্পনা করছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভবিষ্যতে জাপানের ই১০ ট্রেন ব্যবহারের বিষয়টিও ভারত বিবেচনা করতে পারে। একই সঙ্গে বি২৮ নামের আরেকটি উচ্চগতির ট্রেনও তৈরি করছে ভারত। পাশাপাশি দেশীয় ট্রেন নিয়ন্ত্রণ ও সিগন্যালিং ব্যবস্থা ভারত ট্রেন কন্ট্রোল সিস্টেম (বিটিসিএস) তৈরির কাজ চলছে। এই প্রযুক্তির মাধ্যমে ট্রেনের গতি নিয়ন্ত্রণ, ট্রেনগুলোর মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং রেল চলাচলের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্য রয়েছে।
রেল মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মুম্বাই-আহমেদাবাদ হাইস্পিড রেল প্রকল্পের দৈর্ঘ্য ৫০৮ কিলোমিটার। গুজরাট, মহারাষ্ট্র এবং দাদরা ও নগর হাভেলির মধ্য দিয়ে এই রেলপথ যাবে। এতে মুম্বাই, থানে, ভিরার, বোইসার, ভাপি, বিলিমোরা, সুরাট, ভারুচ, ভাদোদরা, আনন্দ, আহমেদাবাদ ও সাবরমতীসহ মোট ১২টি স্টেশন থাকবে।
ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) ও ভারত আর্থ মুভার্স লিমিটেড (বিইএমএল) যৌথভাবে নতুন ট্রেন সেটের নকশা ও নির্মাণ করছে। এসব ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ২৮০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম হবে।
এস এম/ ২২ সেপ্টেম্বর ২০২৬







