চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের সংসদ সদস্য পদ বহাল

চট্টগ্রাম, ২৯ জুলাই – চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য পদ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এক আদেশে সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে করা আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।
এই আদেশের ফলে তার দায়িত্ব পালনে আর কোনো আইনি বাধা থাকল না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। সরোয়ার আলমগীরের আইনজীবী আহসানুল করিম জানান, হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হওয়ায় জামায়াত প্রার্থীর করা আবেদনটি কার্যকারিতা হারিয়েছে।
অন্যদিকে জামায়াত প্রার্থী মুহাম্মদ নুরুল আমিনের আইনজীবী মুহাম্মদ আজিম উদ্দিন পাটোয়ারী জানিয়েছেন, তারা এখন রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করবেন। এর আগে ঋণখেলাপির অভিযোগে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করেছিল।
তবে হাইকোর্টের নির্দেশে তিনি নির্বাচনে অংশ নেন এবং জয়ী হন। পরবর্তী সময়ে হাইকোর্ট তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
এরপর হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে ১২ জুলাই আপিল বিভাগে আবেদন করেছিলেন নুরুল আমিন। সেই আবেদনের ওপরই শুনানি শেষে আজ এই আদেশ দিলেন সর্বোচ্চ আদালত।
এস এম/ ২৯ জুলাই ২০২৬









