গাজীপুর

টঙ্গীর ওষুধ কারখানার আগুন সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, কাজ করেছে ২১ ইউনিট

টঙ্গীর ওষুধ কারখানার আগুন সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুর,১৪ অক্টোবর- গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকার একটি ওষুধ কারখানায় লাগা আগুন সোয়া তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানার ভেতরে আটকে পড়া কয়েকজন শ্রমিককে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গীর চেরাগআলী এলাকায় অবস্থিত ওষুধ কারখানার বহুতল ভবনে আগুনের সূত্রপাত হয়। প্রথমে কারখানা কর্তৃপক্ষ নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে সেই চেষ্টা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনসহ আশপাশের বিভিন্ন স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সোয়া তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুনায়েদ জানান, কারখানাটিতে ওষুধ উৎপাদন করা হতো। আগুনে পাশাপাশি থাকা দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আশপাশের স্টেশন থেকে আরও ইউনিট ঘটনাস্থলে যুক্ত করা হয়। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারখানার ভেতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এস এম/ ১৪ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language