চট্টগ্রাম
ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, জব্দ ৩০ হাজার ঘনফুট বালু

চট্রগ্রাম, ১১ অক্টোবর-চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে অবৈধভাবে বালু তোলা বন্ধ করতে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় আটটি স্থান থেকে প্রায় ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। শনিবার (১০ অক্টোবর) শোভনছড়ি ও ফনি খালের আশপাশে এসব বালু জব্দ করা হয়।
শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ফটিকছড়ি থানা-পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ।
অভিযানে জব্দ করা বালু উন্মুক্ত নিলামে বিক্রি করে সেই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ দেওয়া হয়েছে। নিলাম শেষ না হওয়া পর্যন্ত জব্দ করা বালু স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের জিম্মায় রাখা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এস এম/ ১১ অক্টোবর ২০২৬







