কুষ্টিয়া

কুষ্টিয়া সীমান্তে ৪ জনকে পুশইনের বিএসএফের চেষ্টা ঠেকাল বিজিবি

৪ জনকে পুশইন

কুষ্টিয়া,১১ অক্টোবর-কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালায়। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেই চেষ্টা রুখে দিয়েছে। ওই চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী ছিলেন।

রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, রবিবার সকাল ৭টা ৪৫ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৯-এস থেকে আনুমানিক ৫০ গজ ভারতের ভেতরে এ ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের উদয় কিষাণ ক্যাম্প থেকে অজ্ঞাতপরিচয় চারজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করা হয়।

বিজিবির সতর্ক অবস্থান, তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা এবং কার্যকর তৎপরতার কারণে বিএসএফের এই চেষ্টা ব্যর্থ হয়। পরে বিজিবির দৃঢ় অবস্থানের মুখে আনুমানিক সকাল ৮টার দিকে বিএসএফ ওই চারজন নাগরিককে ভারতের ভেতরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়। এর ফলে অবৈধভাবে পুশইন করার চেষ্টা ব্যর্থ হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা ঠেকাতে বিজিবি সব সময় সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এস এম/ ১১ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language