কুষ্টিয়া

কুষ্টিয়ায় সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িতে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়া, ১৫ আগস্ট – কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ৬ রাস্তার মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী গণঅধিকার পরিষদকে নিয়ে মুফতি আমির হামজার সাম্প্রতিক কিছু বক্তব্যের প্রতিবাদে ওই স্থানে বিক্ষোভ সমাবেশ করছিল সংগঠনটি। এ সময় সংসদ সদস্যের গাড়ি সেখানে পৌঁছালে হঠাৎ করেই অতর্কিত হামলা চালানো হয়। এতে গাড়ির কাঁচ ভেঙে চুরমার হয়ে যায় এবং ভেতরে থাকা সংসদ সদস্য ও তার স্বজনরা আহত হন।

হামলায় সংসদ সদস্য আমির হামজা মাথায় আঘাত পেয়েছেন এবং তার পাশে বসে থাকা তার চাচা গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে জামায়াতে ইসলামীর ৭ জন এবং গণঅধিকার পরিষদের ৩ জন কর্মী রয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ অভিযোগ করেন সংসদ সদস্য তাদের দল নিয়ে অবমাননাকর মন্তব্য করায় তারা শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন। তবে সংসদ সদস্য আমির হামজা জানান তিনি একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে গণঅধিকার পরিষদের নেতা আব্দুল খালেক ও তৌকিরের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। তিনি এ বিষয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এমপির বাসভবনসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এনএন/ ১৫ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language