কুষ্টিয়া

কুষ্টিয়ায় বিড়ালের আঁচড়ে শিশুর অস্বাভাবিক আচরণ: জলাতঙ্ক নয় বলে ধারণা চিকিৎসকদের

কুষ্টিয়া, ২৩ আগস্ট – কুষ্টিয়ার ভেড়ামারায় পোষা বিড়ালের আঁচড়ের পর পাঁচ বছরের এক শিশুর অস্বাভাবিক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে শিশুটিকে বিড়ালের মতো শব্দ করতে দেখা যায় যা নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

তবে চিকিৎসকদের মতে শিশুটির এই আচরণ জলাতঙ্কের কারণে নয় বরং মানসিক আতঙ্ক থেকে হতে পারে। শনিবার বিকেলে কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে ভুক্তভোগী শিশুটির নাম মুস্তারীন আদ্রিতা।

সে ভেড়ামারা উপজেলার বাহিরচর এলাকার ব্যাংক কর্মকর্তা সাব্বিরের মেয়ে। গত ১৭ আগস্ট শিশুটিকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পর জলাতঙ্কের টিকা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে বর্তমানে ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয়দের সূত্রে জানা যায় আদ্রিতার পরিবার শখ করে একটি বিড়াল পুষত এবং সেই বিড়ালটিই তাকে আঁচড় দেয়।

এরপর থেকেই শিশুটি বিড়ালের মতো শব্দ করতে শুরু করে। ডাক্তার ইকবাল হোসেন বলেন বিড়ালের আঁচড়ের পর শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও টিকা দেওয়া হয়েছে।

তবে তার মধ্যে জলাতঙ্কের কোনো সুনির্দিষ্ট উপসর্গ খুঁজে পাওয়া যায়নি। ভয় বা তীব্র মানসিক চাপের কারণেও শিশুরা এমন অনুকরণমূলক আচরণ করতে পারে। শিশুটি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।

এস এম/ ২৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language