কুষ্টিয়া

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ফায়ার বিজিবির

বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত

কুষ্টিয়া, ১০ অক্টোবর-কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাজুল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্তের এপারে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামালপুর সীমান্তের ১৫২/১০-এস নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাজুল হোসেন জামালপুর গ্রামের সাবাজ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সীমান্তের শূন্যরেখার কাছে ঘাস কাটতে গেলে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নার্সারি ক্যাম্পের টহলদল তাকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে তার কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ছররা গুলি লাগে।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হঠাৎ গুলি চালালে এক বাংলাদেশি নাগরিক পায়ে গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই জামালপুর বিওপির বিজিবির নিয়মিত টহলদল দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেয়।

সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিজিবিও পাল্টা গুলি চালায়। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। বর্তমানে ওই সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

এদিকে গুলিবিদ্ধ সাজুল হোসেনকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ হাসান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, ঘটনার পর স্থানীয় লোকজন এক ভারতীয় নাগরিককে আটক করেছেন বলে দাবি করেছেন। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিয়ে পরে জানানো হবে।

এস এম/ ১০ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language