সম্পাদকের পাতা

যুক্তরাষ্ট্রে নিজের দুই মেয়ে ও স্ত্রীকে হত্যা করে পুলিশকর্মীর আত্মহত্যা

নজরুল মিন্টো

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ওয়েস্ট লাফায়েট শহর। এখানেই রয়েছে বিশ্বখ্যাত পারডু বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়কে ঘিরে গড়ে উঠেছে শান্ত আবাসিক এলাকা। সেখানে বহু শিক্ষার্থী ও শিক্ষকের পরিবারের বসবাস।তেমনই একটি বাড়িতে থাকতেন টাকাচ পরিবারের চার সদস্য। বাবা থমাস টাকাচ স্থানীয় শেরিফের কার্যালয়ে চাকরি করতেন। মা জুলি টাকাচ পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তাঁদের দুই মেয়ে ক্যাথারিন ও লরেন পড়ত স্থানীয় হ্যারিসন হাইস্কুলে। আপাতদৃষ্টিতে আর দশটি শিক্ষিত ও প্রতিষ্ঠিত পরিবারের মতোই ছিল তাঁদের জীবন। কিন্তু ১৮ নভেম্বর বুধবার রাতে সেই বাড়িতে এমন এক ঘটনা ঘটে, যা শুধু প্রতিবেশীদের নয়, পুরো এলাকার মানুষকে স্তম্ভিত করে দিয়েছে।

রাত তখন সাড়ে আটটা পেরিয়েছে। বাড়ির ভেতরে ভয়াবহ বিপদ বুঝতে পেরে জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে দুই বোনের একজন। আতঙ্কিত কণ্ঠে জানায়, তাদের বাবার হাতে বন্দুক রয়েছে। তিনি পরিবারের সবাইকে গুলি করার হুমকি দিচ্ছেন। ফোনের অপর প্রান্তে থাকা জরুরি সেবাকর্মী পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলেন। এর মধ্যেই শোনা যায় একের পর এক গুলির শব্দ। তারপর নিস্তব্ধ হয়ে যায় ফোনের লাইন। সাহায্য চেয়েও আর কোনো কথা বলার সুযোগ পায়নি মেয়েটি।

জরুরি বার্তা পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। বাড়ির ভেতরে ঢুকে উদ্ধার করা হয় চারজনের নিথর দেহ। নিহতরা হলেন ৫৩ বছর বয়সী জুলি টাকাচ এবং তাঁর দুই মেয়ে ১৭ বছর বয়সী ক্যাথারিন টাকাচ ও ১৬ বছর বয়সী লরেন টাকাচ। একই বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় জুলির স্বামী, ৫১ বছর বয়সী থমাস টাকাচকে। ২০ নভেম্বর প্রকাশিত প্রাথমিক ময়নাতদন্তের ফলাফলে জুলি ও তাঁর দুই মেয়ের মৃত্যুকে হত্যা এবং থমাসের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে চিহ্নিত করা হয়। এক রাতেই নিঃশেষ হয়ে যায় একটি পরিবার।

থমাস টাকাচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কর্মরত ছিলেন। ২০২৪ সালের জুলাই মাসে তিনি টিপিক্যানু কাউন্টি শেরিফের কার্যালয়ে কারাগারের ডেপুটি হিসেবে যোগ দেন। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁকে কাউন্টি আদালত ভবনের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়। আদালতের নিরাপত্তা নিশ্চিত করা, বিচারিক কার্যক্রমের পরিবেশ সুরক্ষিত রাখা এবং সংশ্লিষ্ট দায়িত্ব পালন ছিল তাঁর পেশার অংশ।

জুলি টাকাচ ছিলেন একজন অভিজ্ঞ শিক্ষাবিদ। ২০২৪ সালের আগস্টে তিনি পারডু বিশ্ববিদ্যালয়ের হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগে ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগ দেন। এর আগে সাউথ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি এবং মিশিগানের নর্থউড ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন। দীর্ঘদিন ধরে শিক্ষকতা ও পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করে তুলছিলেন তিনি।

দুই মেয়ে ক্যাথারিন ও লরেন ছিল উইলিয়াম হেনরি হ্যারিসন হাইস্কুলের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি স্কুলের খেলাধুলার সঙ্গেও তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পরিচিতজনদের কাছে ক্যাথারিন ‘কেট’ নামেও পরিচিত ছিল। বয়সের ব্যবধান মাত্র এক বছর। স্কুলের গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষার পথে পা বাড়ানোর বয়স হয়েছিল দুই বোনের।

এই ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, থমাস টাকাচ কেন নিজের স্ত্রী ও দুই মেয়েকে হত্যা করলেন? পরিবারে আগে থেকে কোনো বিরোধ চলছিল কি না কিংবা অতীতে কোনো হুমকি বা পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছিল কি না, সে সম্পর্কে তদন্তকারীরা এখনো কোনো তথ্য প্রকাশ করেননি।

এই হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রে পারিবারিক সহিংসতা ও আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা নিয়ে পুরোনো উদ্বেগকে নতুন করে সামনে এনেছে। মার্কিন বিচার বিভাগের ব্যুরো অব জাস্টিস স্ট্যাটিস্টিকসের ২০২৫ সালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে আনুমানিক ১৯ হাজার ৮০০ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এসব হত্যাকাণ্ডের প্রায় ৮০ শতাংশে আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়েছে। প্রতিবেদনে আরও দেখা যায়, ঘনিষ্ঠ সঙ্গীর হাতে হত্যার শিকার হওয়ার হার পুরুষের তুলনায় নারীদের বেশি।

২৪ নভেম্বর পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, ইন্ডিয়ানা স্টেট পুলিশের তদন্ত চলমান। থমাসের সম্ভাব্য উদ্দেশ্য, হত্যাকাণ্ডের আগে পরিবারের পরিস্থিতি এবং অস্ত্রের উৎস সম্পর্কে বিস্তারিত আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে এই ঘটনার পেছনে মানসিক অসুস্থতা, আর্থিক সংকট কিংবা দাম্পত্য বিরোধের মতো কোনো কারণ নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

তবে তদন্তে হত্যাকাণ্ডের কারণ বেরিয়ে এলেও দুই বোনের জীবন আর ফিরিয়ে দেওয়া যাবে না। বিপদ বুঝতে পেরে তাদের একজন ফোন তুলেছিল। জরুরি নম্বর ৯১১-এ জানাতে পেরেছিল, তাদের বাবা বন্দুক হাতে সবাইকে হত্যার হুমকি দিচ্ছেন। কিন্তু সাহায্য পৌঁছানোর আগেই থেমে যায় তার কণ্ঠ।

যে বয়সে দুই বোনের স্কুলের পড়াশোনা, বন্ধুবান্ধব আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সেই বয়সেই তাদের জীবন শেষ হয়ে গেল। মা জুলিও আর কোনো দিন বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফিরবেন না। ওয়েস্ট লাফায়েটের শাইনিং আর্মার লেনের বাড়িটি এখন একটি পরিবারের মর্মান্তিক পরিণতির সাক্ষী।

তথ্যসূত্র: WLFI News; People; Based in Lafayette

Back to top button
🌐 Read in Your Language