সম্পাদকের পাতা

অন্টারিও লিবারেল পার্টির নতুন নেতা নবদীপ বেইন্স

নজরুল মিন্টো

অন্টারিও লিবারেল পার্টির নেতৃত্বে এলেন কানাডার সাবেক ফেডারেল মন্ত্রী নবদীপ বেইন্স। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জয়ী হয়ে প্রদেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দলের হাল ধরলেন তিনি। একসময় সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে ফেডারেল রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বেইন্স। এবার তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হলো নতুন লক্ষ্য নিয়ে। অন্টারিওতে লিবারেল পার্টির হারানো জনসমর্থন ফিরিয়ে আনা, দলকে নতুন করে সংগঠিত করা এবং প্রিমিয়ার ডাগ ফোর্ডের নেতৃত্বাধীন প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টির বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করাই তাঁর সামনে বড় চ্যালেঞ্জ।

শনিবার ২১ নভেম্বর টরন্টোর মেট্রো টরন্টো কনভেনশন সেন্টারে অন্টারিও লিবারেল পার্টির নতুন নেতার নাম ঘোষণা করা হয়। প্রায় এক হাজার দলীয় নেতা-কর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত আয়োজনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বিজয়ী হন নবদীপ বেইন্স। তৃতীয় ও চূড়ান্ত দফার গণনায় মোট পয়েন্টের ৫০ দশমিক ৩ শতাংশ পান তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টরন্টোর ইটোবিকো-লেকশোর আসনের প্রাদেশিক সংসদ সদস্য লি ফেয়ারক্লাফ পান ৪৯ দশমিক ৭ শতাংশ। মাত্র শূন্য দশমিক ৬ শতাংশ পয়েন্টের ব্যবধানে নির্ধারিত হয় দলের নতুন নেতৃত্ব।

বিজয় ঘোষণার পর সমর্থকদের উদ্দেশে বেইন্স বলেন, নেতৃত্ব নির্বাচনের প্রতিযোগিতা শেষ হলেও তাঁদের রাজনৈতিক লড়াইয়ের আসল পর্ব এখন শুরু। অন্টারিওতে ডাগ ফোর্ড ও তাঁর কনজারভেটিভ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে লিবারেলদের আবার সরকার গঠনের উপযোগী করে তোলাই এখন তাঁর লক্ষ্য।

নবদীপ বেইন্স কানাডার জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ। গ্রেটার টরন্টোর মিসিসাগা ও ব্র্যাম্পটন এলাকার বিভিন্ন আসন থেকে পাঁচবার ফেডারেল সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। জাস্টিন ট্রুডোর নেতৃত্বে ২০১৫ সালে ফেডারেল লিবারেল পার্টি ক্ষমতায় আসার পেছনে তাঁর গুরুত্বপূর্ণ সাংগঠনিক ভূমিকা ছিল। ট্রুডো সরকারের উদ্ভাবন, বিজ্ঞান ও অর্থনৈতিক উন্নয়নসংক্রান্ত মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন তিনি।

২০২১ সালে ফেডারেল রাজনীতি থেকে সরে দাঁড়ান বেইন্স। পরে কানাডার অন্যতম বৃহৎ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রজার্স কমিউনিকেশনসের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন। চলতি বছরের বসন্তে সেই উচ্চপদ ছেড়ে আবার রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। এবার তাঁর লক্ষ্য ফেডারেল সরকারের মন্ত্রিসভা নয়, অন্টারিওর প্রাদেশিক সরকার।

তবে নতুন নেতৃত্বের পথ মোটেও সহজ নয়। ২০১৮ সালের নির্বাচনে ডাগ ফোর্ডের প্রগ্রেসিভ কনজারভেটিভদের কাছে ক্ষমতা হারানোর পর লিবারেলরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। ২০২২ এবং ২০২৫ সালের নির্বাচনেও পরাজিত হয়েছে দলটি। বর্তমানে অন্টারিওর আইনসভায় লিবারেলদের আসন মাত্র ১৪টি। ফলে শুধু নতুন নেতা নির্বাচন করলেই হবে না, ভোটারদের আস্থা ফিরে পাওয়ার পাশাপাশি দলের সাংগঠনিক শক্তিও বাড়াতে হবে।

আরও একটি সমস্যা রয়েছে বেইন্সের সামনে। তিনি বর্তমানে অন্টারিওর প্রাদেশিক আইনসভার সদস্য নন। ফলে আইনসভার অধিবেশনে সরাসরি প্রিমিয়ার ডাগ ফোর্ডের মুখোমুখি হয়ে বিতর্ক করার সুযোগ তাঁর নেই। ২০২০ সালের পর এই নিয়ে তৃতীয়বার লিবারেলরা এমন একজনকে নেতা নির্বাচন করল, যাঁর আইনসভায় কোনো আসন নেই।

নেতৃত্ব নির্বাচনের পর সাংবাদিকদের বেইন্স জানিয়েছেন, তিনি প্রাদেশিক আইনসভার একটি আসন থেকে নির্বাচনে অংশ নিতে চান। তবে কোথায় কিংবা কখন প্রতিদ্বন্দ্বিতা করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত জানাননি। দলের বর্তমান ১৪ জন সদস্যের কাউকে পদত্যাগ করে তাঁর জন্য আসন ছেড়ে দেওয়ার অনুরোধও করবেন না বলে স্পষ্ট করেছেন তিনি।

নেতৃত্বের প্রতিযোগিতায় বেইন্সের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিলেন লি ফেয়ারক্লাফ। একসময় হাসপাতালের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন তিনি। জাতীয় পর্যায়ে নারী রাগবি খেলোয়াড় হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। ২০২২ সালে প্রথম প্রাদেশিক নির্বাচনে অংশ নিয়ে অল্প ব্যবধানে পরাজিত হলেও ২০২৫ সালে ইটোবিকো-লেকশোর আসন থেকে নির্বাচিত হন তিনি।

প্রতিযোগিতায় আরও ছিলেন টরন্টোর ডন ভ্যালি ওয়েস্ট আসনের প্রাদেশিক সংসদ সদস্য স্টেফানি বোম্যান এবং ফেডারেল ও প্রাদেশিক লিবারেল সরকারে উপদেষ্টা হিসেবে কাজ করা ডিলান মারান্ডো। চূড়ান্ত ফলাফলে বোম্যান তৃতীয় এবং মারান্ডো চতুর্থ হন।

দলীয় সূত্র অনুযায়ী, নেতৃত্ব নির্বাচনের জন্য নিবন্ধিত সদস্য ছিলেন প্রায় ৫৫ হাজার। তাঁদের মধ্যে ভোট দিয়েছেন ২০ হাজার ৫১০ জন, যা মোট সদস্যের প্রায় ৩৭ শতাংশ। অনলাইনে পছন্দক্রমভিত্তিক ভোটগ্রহণের মাধ্যমে নেতা নির্বাচন করা হয়। এই পদ্ধতিতে প্রত্যেক নির্বাচনী এলাকার জন্য সমানসংখ্যক পয়েন্ট বরাদ্দ ছিল।

বেইন্সের বিজয় অন্টারিওর রাজনৈতিক ইতিহাসেও একটি নতুন অধ্যায়। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই কানাডীয় রাজনীতিক অন্টারিও লিবারেল পার্টির নেতৃত্বে আসা প্রথম বর্ণগত সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধি। তাঁর মতে, অন্টারিওর মানুষ যে অঞ্চল থেকেই আসুন কিংবা তাঁদের পারিবারিক পরিচয় যা-ই হোক, প্রত্যেকেরই সমান সুযোগ পাওয়া উচিত। রাজনীতিতে সবার অংশগ্রহণ ও অন্তর্ভুক্তির বিষয়টিকে তিনি গুরুত্ব দিতে চান।

বিজয়ী হওয়ার পর দেওয়া বক্তব্যে অন্টারিওর অর্থনৈতিক পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় এবং স্বাস্থ্যসেবার সংকট নিয়ে কথা বলেন বেইন্স। তিনি অভিযোগ করেন, ডাগ ফোর্ডের সরকার সাধারণ মানুষের প্রয়োজনীয় সমস্যাগুলো সমাধানে যথেষ্ট মনোযোগ দিচ্ছে না। বিশেষ করে বহু মানুষ পারিবারিক চিকিৎসক খুঁজে পাচ্ছেন না। শিক্ষা ও আবাসনের ব্যয়ও সাধারণ পরিবারের ওপর চাপ সৃষ্টি করছে।

অন্টারিওর শিক্ষার্থীদের আর্থিক সহায়তার কর্মসূচি ওএসএপি (Ontario Student Assistance Program) নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। চলতি বছর কর্মসূচিটির সুবিধা কমানোর সিদ্ধান্তের বিরোধিতা করে বেইন্স জানান, লিবারেলরা ক্ষমতায় এলে এই পরিবর্তন বাতিল করতে চান। বিষয়টি বোঝাতে তিনি ইংরেজিতে বলেন, ‘We’re going to reverse OSAP, ASAP.’

লিবারেল সরকারের অতীত অর্জনের কথাও স্মরণ করিয়ে দেন নতুন নেতা। অন্টারিওতে পূর্ণদিবস কিন্ডারগার্টেন চালু, বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা নিয়ন্ত্রণ এবং গ্রেটার টরন্টোর আশপাশের পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনবেল্ট এলাকা সংরক্ষণের উদ্যোগকে দলের সাফল্য হিসেবে তুলে ধরেন তিনি।

প্রিমিয়ার ডাগ ফোর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে বেইন্সকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর বক্তব্য, অন্টারিওর পরিবারগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা দেখতে চায়। মার্কিন শুল্কের প্রভাব মোকাবিলা, কর্মসংস্থান রক্ষা এবং জীবনযাত্রার ব্যয় কমানোর মতো বিষয়ে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান তিনি।

অন্টারিও লিবারেলদের নেতৃত্বে গত কয়েক বছরে ঘন ঘন পরিবর্তন এসেছে। ২০২০ সালে দায়িত্ব নেওয়া স্টিভেন ডেল ডুকা ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর পদত্যাগ করেন। তাঁর উত্তরসূরি বনি ক্রম্বিও ২০২৫ সালের নির্বাচনে কাঙ্ক্ষিত সাফল্য পাননি। নিজের আসনেও পরাজিত হন তিনি। ওই বছরের সেপ্টেম্বরে দলের নেতৃত্বের প্রতি আস্থা যাচাইয়ের ভোটে মাত্র ৫৭ শতাংশ সমর্থন পাওয়ার পর ২০২৬ সালের জানুয়ারিতে পদত্যাগ করেন।

নবদীপ বেইন্সের সামনে এখন তাই একাধিক দায়িত্ব। দলের ভেতরের বিভক্তি দূর করা, নতুন ভোটারদের কাছে পৌঁছানো, অর্থনীতি ও স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সুস্পষ্ট কর্মসূচি তৈরি করা এবং আইনসভায় নিজের উপস্থিতি নিশ্চিত করা। একই সঙ্গে তাঁকে মোকাবিলা করতে হবে দীর্ঘদিনের ক্ষমতাসীন ডাগ ফোর্ডের রাজনৈতিক নেতৃত্বকে।

নবদীপ বেইন্সের পারিবারিক শিকড় ভারতে। তাঁর বাবা বলবিন্দর সিং বেইন্স ও মা সত্তরের দশকে উন্নত জীবনের আশায় কানাডায় পাড়ি জমান। বাবা এসেছিলেন রাজস্থানের একটি ছোট গ্রাম থেকে। কানাডায় পৌঁছানোর সময় তাঁর সম্বল ছিল মাত্র পাঁচ ডলার। ইংরেজিও ভালো জানতেন না। জীবিকার জন্য এক ইতালীয় বংশোদ্ভূত কানাডীয় কারিগরের কাছে কাঠের কাজ শেখেন। একসময় নিজেই ক্যাবিনেট তৈরির একটি প্রতিষ্ঠান কিনে ব্যবসা শুরু করেন। অন্যদিকে সংসারের প্রয়োজনে বেইন্সের মা একটি বিস্কুট কারখানায় রাতের পালায় কাজ করতেন। সকালে বাড়ি ফিরে দুই ছেলে নবদীপ ও হরজোতের দেখাশোনা করতেন। টরন্টোর জেন অ্যান্ড ফিঞ্চ এলাকায় প্রথম জীবনের সংগ্রাম পেরিয়ে পরিবারটি পরে ব্র্যাম্পটনে বসতি গড়ে তোলে।

১৯৭৭ সালের ১৬ জুন টরন্টোতে জন্ম নেওয়া নবদীপ বেইন্স বেড়ে উঠেছেন কানাডার বহুসাংস্কৃতিক পরিবেশে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাঁর স্ত্রী ব্রহ্মজ্যোতি (Brahamjot) এবং দুই মেয়ে নানকি ও কিরপা। পরিবার নিয়ে মিসিসাগায় বসবাস করেন তিনি। রাজনীতির ব্যস্ততার মধ্যেও স্ত্রী ও সন্তানদের গুরুত্ব দিয়েছেন বেইন্স। ২০২১ সালে ফেডারেল রাজনীতি থেকে সরে দাঁড়ানোর অন্যতম কারণ হিসেবে মেয়েদের সঙ্গে বেশি সময় কাটানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন। পাঁচ বছর পর আবার সক্রিয় রাজনীতিতে ফিরে এবার অন্টারিও লিবারেল পার্টির নেতৃত্ব গ্রহণ করেছেন তিনি। একটি অভিবাসী পরিবারের সংগ্রাম ও স্বপ্নের পথ ধরে নবদীপ বেইন্সের এই সাফল্য কানাডার রাজনৈতিক ইতিহাসে যোগ করল নতুন এক অধ্যায়।

তথ্যসূত্র: Ontario Liberal Party; The Globe and Mail; The Trillium

Back to top button
🌐 Read in Your Language