কানাডার শীর্ষ বেসামরিক সম্মানে ভূষিত বাংলাদেশি বংশোদ্ভূত ডা. প্রোটন রহমান
নজরুল মিন্টো

কানাডার সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অব কানাডা’র সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক ডা. প্রোটন রহমান। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর কানাডার গভর্নর জেনারেল মেরি সাইমন তাঁর নাম ঘোষণা করেন। আর্থ্রাইটিসের চিকিৎসা ও গবেষণায় অবদান এবং কোভিড মোকাবিলায় নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর সরকারকে বৈজ্ঞানিক পরামর্শ দেওয়ার স্বীকৃতি হিসেবে তিনি এই সম্মান পান।
কানাডার শতবর্ষ উপলক্ষে ১৯৬৭ সালে ‘অর্ডার অব কানাডা’ চালু হয়। নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব এবং সমাজ ও দেশের সেবায় অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হয়। ‘অর্ডার অব কানাডা’র সদস্য হিসেবে প্রোটন রহমান তাঁর নামের শেষে সি.এম. (C.M.) ব্যবহার করতে পারেন। অর্থাৎ এখন থেকে তিনি আলআমিন প্রোটন রহমান সিএম।
প্রোটন রহমানের পরিবারের সঙ্গে কানাডার সম্পর্কের শুরু তাঁর বাবার পড়াশোনার সূত্রে। আজিজুর রহমান ১৯৬২ সালে ঢাকায় তড়িৎ প্রকৌশলে স্নাতক ডিগ্রি নেন। এরপর কমনওয়েলথ বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য কানাডায় আসেন। ১৯৬৫ সালে টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও ১৯৬৮ সালে অটোয়ার কার্লটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। তিনি ঢাকায়ও শিক্ষকতা করেছেন। ১৯৭৫ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পূর্ণ অধ্যাপক হন। পরের বছর যোগ দেন কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটিতে। সেন্ট জনসে চার দশকের বেশি সময় শিক্ষকতা ও গবেষণা করেন তিনি। বৈদ্যুতিক গাড়ির মোটর নিয়ে কাজের জন্য পরিচিতি পান। আজিজুর ও আলতা রহমানের তিন সন্তান ডায়ানা, প্রোটন ও অ্যাডাম। তাঁদের পৈতৃক শেকড় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে।
বাবা যে বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল পড়াতেন, সেখানেই প্রোটন পড়লেন চিকিৎসাশাস্ত্র। ১৯৮৮ সালে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক ও ১৯৯০ সালে এমডি ডিগ্রি নেন। মেমোরিয়ালেই ইন্টারনাল মেডিসিনে রেসিডেন্সি শেষ করেন। এরপর টরন্টো বিশ্ববিদ্যালয়ে রিউমাটোলজিতে ফেলোশিপ করেন। একই সময়ে তিনি শিখলেন, রোগের ঝুঁকির সঙ্গে বংশগত বৈশিষ্ট্যের সম্পর্ক কীভাবে খুঁজে বের করতে হয়। ১৯৯৯ সালে মেমোরিয়ালে ফিরে তিনি রোগী দেখার পাশাপাশি আর্থ্রাইটিস নিয়ে গবেষণা করেন।
কানাডিয়ান রিউমাটোলজি অ্যাসোসিয়েশন ২০১৬ সালে তাঁকে ‘ডিসটিংগুইশড ইনভেস্টিগেটর অ্যাওয়ার্ড’ দেয়। ২০২২ সালে তিনি পান ‘অর্ডার অব নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর’। তিনি কানাডিয়ান অ্যাকাডেমি অব হেলথ সায়েন্সেসের ফেলো। যে বিশ্ববিদ্যালয়ে তাঁর চিকিৎসাশিক্ষা শুরু হয়েছিল, সেই মেমোরিয়াল ইউনিভার্সিটি ২০২৬ সালে তাঁকে বর্ষসেরা প্রাক্তন শিক্ষার্থী নির্বাচিত করে।
ডা. প্রোটন রহমান বর্তমানে নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর হেলথ সার্ভিসেসের রিউমাটোলজি বিভাগের প্রধান। সেন্ট জনসের মেমোরিয়াল ইউনিভার্সিটিতে তিনি জন লুইস প্যাটন ডিস্টিংগুইশড ইউনিভার্সিটি প্রফেসর।
প্রোটনের স্ত্রী ডা. ট্যানিস লি এইডি একজন মনোরোগ বিশেষজ্ঞ। তিনি মেমোরিয়াল ইউনিভার্সিটির চিকিৎসা অনুষদে স্নাতক পর্যায়ের চিকিৎসাশিক্ষার সহযোগী ডিন ছিলেন। ২০২১ সালে তিনি নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে চিকিৎসকদের নিবন্ধন ও পেশাগত তদারকির দায়িত্বে থাকা সংস্থার রেজিস্ট্রার হন। বর্তমানে তিনি ওই সংস্থার প্রধান নির্বাহী ও রেজিস্ট্রার।
তথ্যসূত্র: Governor General of Canada, Memorial University, Government of Newfoundland and Labrador







