সম্পাদকের পাতা

বিয়ের আসরে জানা গেল শাশুড়িই নববধূর জন্মদাত্রী মা!

নজরুল মিন্টো

বিয়েবাড়িতে তখন উৎসবের আবহ। নববধূ সেজেছেন বিয়ের পোশাকে, অতিথিদের শুভেচ্ছা আর আত্মীয়স্বজনের ব্যস্ততায় জমে উঠেছে আয়োজন। এমন সময় ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা, যা শুনলে সিনেমার কাহিনিও মনে হতে পারে। ছেলের বিয়ে দিতে এসে এক মা আবিষ্কার করেন, যাঁকে পুত্রবধূ করে ঘরে তুলতে যাচ্ছেন, তিনি হয়তো তাঁরই বহু বছর আগে হারিয়ে যাওয়া মেয়ে। আর সেই সন্দেহের সূত্র একটি ছোট্ট জন্মদাগ। তবে ঘটনাটির মোড় এখানেই থেমে থাকেনি, সামনে অপেক্ষা করছিল আরও বড় চমক।

ঘটনাটি ২০২১ সালের ৩১ মার্চের। চীনের জিয়াংসু প্রদেশের সুচৌ শহরে একটি বিয়ের অনুষ্ঠানে এমন ঘটনা ঘটেছিল বলে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। খবরটি প্রথমে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। কয়েক দিনের মধ্যেই তা ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে।

প্রকাশিত বিবরণ অনুযায়ী, বরের মা সেদিন নববধূকে কাছে পেয়ে তাঁর হাতের দিকে তাকাতেই থমকে যান। মেয়েটির হাতে একটি জন্মদাগ। সাধারণ কোনো দাগ নয়, তাঁর স্মৃতিতে গেঁথে থাকা এক পরিচিত চিহ্ন। বহু বছর আগে হারিয়ে যাওয়া ছোট্ট মেয়েটির হাতেও ঠিক এমন একটি দাগ ছিল।

ওই নারীর একটি মেয়ে ছিল। প্রায় দুই দশক আগে শিশুটি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পাওয়া যায়নি। সময়ের সঙ্গে মেয়েটি বড় হয়ে কোথায় আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে কি না, কিছুই জানতে পারেননি মা। কিন্তু মেয়ের হাতের জন্মদাগটি তিনি ভুলতে পারেননি।

বিয়ের অনুষ্ঠানে নববধূর হাতে একই রকম দাগ দেখে তাঁর মনে সন্দেহ জাগে। তিনি এগিয়ে যান কনের মা-বাবার কাছে। জানতে চান, তাঁদের মেয়েটি কি জন্ম থেকেই তাঁদের সঙ্গে আছে, নাকি তাঁরা তাকে দত্তক নিয়েছিলেন?

প্রশ্নটি শুনে কনের মা-বাবা বিস্মিত হন। কারণ, মেয়ের দত্তক পরিচয়ের বিষয়টি তাঁরা গোপন রেখেছিলেন। এমনকি মেয়েটিও জানতেন না, যাঁদের মা-বাবা বলে জেনে এসেছেন, তাঁরা তাঁর জন্মদাতা নন।

বরের মা তখন নিজের হারানো মেয়ের কথা বলেন। জানান, তাঁর মেয়ের হাতেও এমন একটি জন্মদাগ ছিল। বয়স এবং অন্যান্য বিবরণ মিলে যাওয়ায় তাঁর সন্দেহ আরও প্রবল হয়।

একপর্যায়ে কনের মা-বাবা স্বীকার করেন, প্রায় ২০ বছর আগে রাস্তার পাশে একটি শিশুকন্যাকে পেয়েছিলেন তাঁরা। শিশুটিকে নিজেদের বাড়িতে নিয়ে আসেন। তারপর নিজের মেয়ের মতোই আদর-যত্নে বড় করেন। শিশুটি কোথা থেকে এসেছিল, তার প্রকৃত মা-বাবা কারা, এসব তাঁদের জানা ছিল না।

এই বিবরণ শুনে বরের মা আরও আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁর বিশ্বাস জন্মায়, সামনে দাঁড়িয়ে থাকা নববধূই তাঁর হারিয়ে যাওয়া মেয়ে।

খবরটি যখন নববধূর কানে পৌঁছায়, তখন তাঁরও বিস্ময়ের সীমা থাকে না। এত দিন যাঁদের নিজের মা-বাবা বলে জেনে এসেছেন, তাঁদের কাছ থেকেই জানতে পারেন নিজের জীবনের অজানা অধ্যায়ের কথা। আর যাঁকে কিছুক্ষণের মধ্যে শাশুড়ি বলে সম্বোধন করার কথা, তিনিই দাবি করছেন, তিনি তাঁর জন্মদাত্রী মা!

সংবাদমাধ্যমে প্রকাশিত বিবরণে বলা হয়, একপর্যায়ে দুজন পরস্পরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। নববধূ নাকি বলেছিলেন, নিজের জন্মদাত্রী মাকে খুঁজে পাওয়ার আনন্দ তাঁর কাছে বিয়ের আনন্দের চেয়েও বড়।

বিয়েবাড়ির আনন্দ তখন অন্যদিকে মোড় নিয়েছে। অতিথিরা এসেছিলেন নবদম্পতিকে আশীর্বাদ করতে। অথচ তাঁদের সামনেই চলছে হারানো মা-মেয়ের পুনর্মিলন।

কিন্তু এখানেই সামনে আসে আরেক জটিলতা। যিনি বরের মা, তিনিই যদি কনের জন্মদাত্রী হন, তাহলে বর তো কনের ভাই হওয়ার কথা। সে ক্ষেত্রে এত দিনের প্রেমিক-প্রেমিকার বিয়ে কীভাবে সম্ভব, সেই প্রশ্নই সামনে চলে আসে।

প্রকাশিত বর্ণনা অনুযায়ী, এই প্রশ্নে উদ্বিগ্ন হয়ে পড়েন নববধূও। জন্মদাত্রী মাকে খুঁজে পাওয়ার আনন্দের মধ্যেই দেখা দেয় নিজের বিয়ে ভেঙে যাওয়ার আশঙ্কা। ঠিক তখনই বরের মা জানান আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য।

হারিয়ে যাওয়া মেয়েকে দীর্ঘদিন খুঁজেও না পেয়ে তিনি একসময় একটি ছেলেশিশুকে দত্তক নিয়েছিলেন। সেই ছেলেই আজকের বর। অর্থাৎ বর তাঁর পালিত সন্তান, জন্মসূত্রে ছেলে নন। ফলে বর ও কনের মধ্যে রক্তের সম্পর্ক নেই।

এই কথা জানার পর স্বস্তি ফিরে আসে দুই পরিবারে। সংবাদমাধ্যমের বিবরণ অনুযায়ী, শেষ পর্যন্ত বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। যে নারী ছেলেকে বিয়ে করাতে নিয়ে এসেছিলেন, তিনি একই দিনে ফিরে পান তাঁর হারিয়ে যাওয়া মেয়েকেও।

ঘটনাটি প্রকাশের পর চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ একে অলৌকিক পুনর্মিলন বলে মন্তব্য করেন, কেউ বলেন সিনেমার কাহিনিও এমন চমকপ্রদ হয় না। আবার কেউ কেউ মজা করে প্রশ্ন তোলেন, বিয়ের পর ছেলেটি ওই নারীকে মা ডাকবেন, নাকি শাশুড়ি?

তথ্যসূত্র: South China Morning Post, Oriental Daily

Back to top button
🌐 Read in Your Language