শিক্ষা

অবশেষে চূড়ান্ত হচ্ছে বেসরকারি শিক্ষা জাতীয়করণ নীতিমালা: ১৬ নভেম্বর উচ্চপর্যায়ের সভা

ঢাকা, ১১ নভেম্বর – দীর্ঘদিন ধরে ঝুলে থাকা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ প্রক্রিয়ায় বড় ধরনের গতি আসতে যাচ্ছে। ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ নীতিমালা-২০২৬’ এর খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে আগামী ১৬ নভেম্বর (সোমবার) এক গুরুত্বপূর্ণ আন্তমন্ত্রণালয় সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।

নতুন এই নীতিমালা আলোর মুখ দেখলে সারা দেশের অপেক্ষায় থাকা বহু স্কুল ও কলেজের সরকারি হওয়ার দুয়ার খুলে যাবে বলে মনে করছেন শিক্ষাসংশ্লিষ্টরা।

সচিবালয়ে বসছে গুরুত্বপূর্ণ বৈঠক

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে, আগামী সোমবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৮১৫ নম্বর কক্ষে এ উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

বৈঠকে নীতিমালার খসড়া পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তা চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তুত করা হবে। সংশ্লিষ্ট সকল দপ্তর ও বিভাগের কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তালিকায় ৮৯ প্রতিষ্ঠান: রাজশাহী ও ঢাকায় সর্বোচ্চ

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের অন্তত ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ অথবা এর সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় উঠে এসেছে। এর মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ ২৩টি এবং ঢাকা বিভাগে ২১টি প্রতিষ্ঠান রয়েছে।

বিভাগ অনুযায়ী তালিকার চিত্র:

রাজশাহী বিভাগ (২৩টি): বগুড়ার ৯টি, নওগাঁর ৫টি, নাটোরের ৩টি, সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জের ২টি করে এবং রাজশাহী ও পাবনার ১টি করে প্রতিষ্ঠান।

ঢাকা বিভাগ (২১টি): ঢাকা, গাজীপুর ও মাদারীপুরের ৪টি করে, ফরিদপুরের ৩টি, গোপালগঞ্জের ২টু এবং নরসিংদী, রাজবাড়ী, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের ১টি করে প্রতিষ্ঠান।

রংপুর বিভাগ (১০টি): ঠাকুরগাঁওয়ের ৫টি, পঞ্চগড়ের ২টি এবং দিনাজপুর, গাইবান্ধা ও নীলফামারীর ১টি করে প্রতিষ্ঠান।

খুলনা বিভাগ (৯টি): খুলনার ৪টি, ঝিনাইদহের ২টি এবং মাগুরা, কুষ্টিয়া ও বাগেরহাটের ১টি করে প্রতিষ্ঠান।

নীতিমালার অভাব ও স্বজনপ্রীতির অভিযোগ

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই স্বচ্ছতার অভাব ও রাজনৈতিক প্রভাব খাটানোর নানা অভিযোগ উঠে আসছে। ফলাফল ও অবকাঠামো ভালো থাকা সত্ত্বেও বহু যোগ্য প্রতিষ্ঠান বাদ পড়েছে, অথচ প্রভাবশালীদের সুপারিশে তুলনামূলক পিছিয়ে থাকা প্রতিষ্ঠান তালিকায় জায়গা পেয়েছে বলে দাবি শিক্ষা বিশেষজ্ঞদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান এ বিষয়ে বলেন: “জাতীয়করণের জন্য সুনির্দিষ্ট নীতিমালা অত্যন্ত প্রয়োজন। নীতিমালা থাকলে সরকারকে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হয়। এর অভাবে ক্ষমতার সুযোগ নিয়ে যেকোনো প্রতিষ্ঠানকে সরকারি করার প্রবণতা দেখা যায়।”

নতুন ‘সরকারিকরণ নীতিমালা-২০২৬’ চূড়ান্ত হলে শিক্ষার গুণগত মান, শিক্ষার্থীর সংখ্যা ও ভৌগোলিক প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় সরকারিকরণ সম্পন্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এনএন/ ১১ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language