
পশ্চিমা বিশ্বে বসবাস করেও একবিংশ শতাব্দীর এই যুগে কিছু মানুষ তাবিজ-কবজ, পাথর-আংটি আর জিন-ভূতে বিশ্বাস করেন, শুনলে অবাক হতে হয়। দেশ বদলেছে, জীবনযাত্রা বদলেছে, কিন্তু বিপদে পড়লে সমাধান খুঁজতে তাঁদের কেউ কেউ এখনো ছুটে যান পীর-ফকির কিংবা কথিত আধ্যাত্মিক চিকিৎসকের কাছে। সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে কেউ যখন লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়, ভয় দেখিয়ে বশে রাখে কিংবা যৌন নির্যাতন করে, তখন বিষয়টি আর ব্যক্তিগত বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকে না।
ঘটনাটি ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারির। ইংল্যান্ডের লেস্টারে একটি পরিবারের আস্থা ও এক তরুণীর অসহায় অবস্থার সুযোগ নিয়ে তাঁকে ধর্ষণ করেন বাংলাদেশি নাগরিক কমর উদ্দিন। বিচারে উঠে আসে বিশ্বাসকে কাজে লাগিয়ে নির্যাতনের এই ভয়ংকর কৌশল। ২০১৮ সালের এপ্রিলে লেস্টার ক্রাউন কোর্ট তাঁকে দুটি ধর্ষণ ও তিনটি যৌন নিপীড়নের ঘটনায় দোষী সাব্যস্ত করে ১৫ বছরের কারাদণ্ড দেন। দণ্ড ঘোষণার সময় তাঁর বয়স ছিল ৬৮ বছর।
নির্যাতনের শিকার তরুণীর বয়স তখন ১৯ বছর। পরিবারের একজন সদস্যের মৃত্যুতে তিনি শোকাহত ছিলেন। মানসিকভাবেও ছিলেন বিপর্যস্ত। আদালতে উঠে আসা বিবরণ অনুযায়ী, তরুণী ও তাঁর পরিবারের জিনের প্রভাবে বিশ্বাস ছিল। কমর উদ্দিন দাবি করতেন, অশুভ জিন তাড়ানোর ক্ষমতা রয়েছে তাঁর। ইংল্যান্ডের বিভিন্ন মসজিদে কাজ করার দাবিও করেছিলেন তিনি। পরিবারটির কাছে তাঁর পরিচয় ছিল একজন আস্থাভাজন আলেম।
মেয়ের কষ্ট দূর হবে, এই আশায় তাঁকে বাড়িতে ডেকে আনে পরিবারটি। তরুণীর শোবার ঘরে মোমবাতি ও ধূপের মধ্যে কথিত আধ্যাত্মিক চিকিৎসার আয়োজন করা হয়। বাবা ও স্বজনেরা ছিলেন নিচতলায়। ঘরে তরুণীর সঙ্গে একা ছিলেন কমর উদ্দিন। সেখানেই কৌশলে তাঁকে যৌন নিপীড়ন ও ধর্ষণ করেন তিনি।
নির্যাতনের পরও তরুণীর ওপর নিজের প্রভাব ধরে রাখার চেষ্টা করেন কমর উদ্দিন। বিচারকের পর্যবেক্ষণ অনুযায়ী, তিনি তরুণীকে বিশ্বাস করান, কাউকে কিছু বললে জিন তাড়ানো যাবে না এবং সেগুলো ফিরে আসবে। যে ভয় দূর করার কথা বলে তিনি বাড়িতে ঢুকেছিলেন, সেই ভয়ই ব্যবহার করেন তরুণীকে চুপ রাখার জন্য।
মামলাটির এই দিকটি বিশেষভাবে লক্ষ করার মতো। পরিবারটি তাঁকে বাড়িতে ঢুকতে দিয়েছিল সাহায্যকারী মনে করে। তরুণীও তাঁর কথিত ক্ষমতার প্রভাবে ছিলেন। ফলে নির্যাতনের পাশাপাশি অপরাধ গোপন রাখার চাপও তৈরি করা হয়েছিল তাঁর ওপর। আদালতের বিবরণ থেকে বোঝা যায়, কমর উদ্দিনের কর্তৃত্বের ভিত্তি ছিল পরিবারের বিশ্বাস। সেই বিশ্বাসের সুযোগ নিয়েই তিনি তরুণীর নিরাপত্তা বিপন্ন করেন।
অভিযোগ ওঠার পর গ্রেপ্তার হন কমর উদ্দিন। কিন্তু জামিনে মুক্ত অবস্থায় যুক্তরাজ্য ছেড়ে পালিয়ে যান। পরে জার্মানিতে তাঁর সন্ধান পাওয়া যায়। ২০১৭ সালের নভেম্বরে সেখান থেকে তাঁকে যুক্তরাজ্যে প্রত্যর্পণ করা হয়। এরপর তাঁকে বিচারের মুখোমুখি করা হয়।
আদালতে যৌন অপরাধের অভিযোগ অস্বীকার করেন তিনি। তবে তরুণীর শারীরিক পরীক্ষায় সংগৃহীত অভ্যন্তরীণ নমুনায় তাঁর ডিএনএ পাওয়া যায়। বিচারক উল্লেখ করেন, এই ফরেনসিক প্রমাণ যৌন সংসর্গ সংঘটিত হওয়ার বিষয়টি প্রতিষ্ঠা করেছে। সাক্ষ্যপ্রমাণ বিবেচনা করে জুরি তাঁর বিরুদ্ধে রায় দেন।
বিচারকের বক্তব্যে গুরুত্ব পায় আস্থার অপব্যবহার। যে পরিবার সাহায্যের জন্য তাঁকে ডেকেছিল, তাদের সঙ্গে তিনি ভয়াবহ বিশ্বাসঘাতকতা করেছেন। তরুণীর দুর্দশা কমানোর পরিবর্তে আরও বাড়িয়েছেন। বিচারক তাঁকে প্রতারক হিসেবে আখ্যায়িত করেন এবং তাঁর আচরণকে ধর্মীয় পরিচয় ও কমিউনিটিতে তাঁর অবস্থানের প্রতি লজ্জাজনক বিশ্বাসঘাতকতা বলে বর্ণনা করেন।
দণ্ড কমানোর আবেদন করেন তাঁর আইনজীবী। তিনি জানান, কমর উদ্দিনের আগের কোনো দণ্ডের রেকর্ড নেই। বাংলাদেশে তাঁর বড় পরিবার রয়েছে। তিনি ১১ সন্তানের বাবা এবং পরিবারের ভরণপোষণ চালাতেন। তবে ওই আইনজীবীও স্বীকার করেন, পরিবারটি তাঁকে সাহায্যের জন্য ডেকে আনার পর তিনি পরিস্থিতির সুযোগ নিয়েছেন এবং তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে আলোড়ন সৃষ্টি হয়। কমিউনিটির সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। প্রতারণার হাত থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, শারীরিক অসুস্থতা কিংবা মানসিক যন্ত্রণা থেকে মুক্তির আশায় কেউ যেন পীর, ফকির বা কথিত আধ্যাত্মিক চিকিৎসকের হাতে নিজের শরীর ও নিরাপত্তার দায়িত্ব তুলে না দেন। কথিত এসব ঝাড়ফুঁক, তাবিজ-কবজ কোনো ধর্মে, কোনো দেশেই স্বীকৃত চিকিৎসা নয়। মানুষের সরলতা ও ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে এসব প্রতারক কতটা সর্বনাশ করতে পারে, কমর উদ্দিনের ঘটনাটি তারই এক ভয়াবহ জ্যান্ত উদাহরণ।
তথ্যসূত্র: Leicester Mercury, The Asian Today
(প্রকাশের উপযোগী করা হয়েছে)







