সম্পাদকের পাতা

ব্রিটেনে স্কুলে গোপনে ছাত্রীদের ছবি তোলায় ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের ছয় বছরের কারাদণ্ড

নজরুল মিন্টো

ক্লাস চলাকালে জামার পকেটে রাখা আইফোন দিয়ে ছাত্রীদের অজান্তে তাদের পোশাকের নিচের ছবি তুলতেন ইংরেজির শিক্ষক আবুসালি রহমান (Abusali Rahman)। সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও ছাত্রীদের ছবি সংগ্রহ করতেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছাত্রীদের মুখ বসিয়ে দিতেন প্রাপ্তবয়স্ক নারীর শরীরে। সেসব ছবি ছড়িয়ে দিতেন অনলাইনে। অভিযোগ পেয়ে ২০২৫ সালের জুনে পুলিশ তাঁকে গ্রেফতার করে। পরে আদালতে ২১টি অপরাধের দায় স্বীকার করেন ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষক আবুসালি। ২০২৬ সালের ১৫ অক্টোবর বোল্টন ক্রাউন কোর্ট তাঁকে ছয় বছরের কারাদণ্ড দেন।

তদন্তের সূত্র মিলেছিল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে। সেখানে স্কুলের পোশাক পরা মেয়ের ছবি দেখতে পান এক মা। ছবিটির পাশেই ছিল যৌন কর্মকাণ্ডের ছবি। তিনি বিষয়টি পুলিশকে জানান। যে অ্যাকাউন্ট থেকে ছবিটি প্রকাশ করা হয়েছিল, তার সূত্র ধরেই তদন্তকারীরা পৌঁছান আবুসালি রহমানের কাছে।

৩৭ বছর বয়সী আবুসালি থাকতেন গ্রেটার ম্যানচেস্টারের সালফোর্ডে। নিয়মিত শিক্ষকের অনুপস্থিতিতে অস্থায়ীভাবে ক্লাস নিতেন তিনি। এই কাজের সুবাদে বিভিন্ন স্কুলে যাওয়ার সুযোগ পেতেন। আর সেই সুযোগেই কখনো শ্রেণিকক্ষে, কখনো করিডরে ছাত্রীদের গোপন ছবি তুলতেন। বোল্টন, ব্যুরি ও সালফোর্ডের সাতটি মাধ্যমিক বিদ্যালয়ে তাঁর এসব অপরাধের প্রমাণ পাওয়া গেছে।

মেয়েরা সিঁড়ি বেয়ে ওপরে উঠলে তাদের পিছু নিয়ে ছবি তুলতেন আবুসালি। তদন্তকারীরা ছাত্রীদের পোশাকের নিচের শতাধিক ছবি পান। ভুক্তভোগী কিশোরীদের বয়স ছিল ১৩ থেকে ১৬ বছর।

স্কুলে গোপনে ছবি তোলার আগেই ছাত্রীদের বিকৃত ছবি অনলাইনে ছড়াতে শুরু করেছিলেন আবুসালি। শিক্ষক হিসেবে পাওয়া ছাত্রীদের নাম-ঠিকানা আলাদা ফাইলে লিখে রাখতেন তিনি। সেই তথ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অ্যাকাউন্ট খুঁজে বের করতেন।

গ্রেফতারের পর আবুসালির ল্যাপটপসহ কয়েকটি যন্ত্র জব্দ করে পুলিশ। সেগুলো পরীক্ষা করে আরও অপরাধের প্রমাণ পান তদন্তকারীরা। জামিনের শর্ত ভাঙার পর তাঁকে আবার গ্রেফতার করা হয়।

ফোনে তাঁর খোঁজাখুঁজির বিবরণও ছিল তাৎপর্যপূর্ণ। ধরা না পড়ে কীভাবে ছবি তোলা যায়, কোথায় গোপন ক্যামেরা কিনতে পাওয়া যায়, এসব জানতে চেয়েছিলেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ছবি বানানোর পদ্ধতিও খুঁজেছিলেন। এমনকি শিক্ষার্থীদের আপত্তিকর ছবি তৈরির অভিযোগে কোনো শিক্ষক ধরা পড়লে আত্মপক্ষ সমর্থনে কী যুক্তি দিতে পারেন, সে বিষয়েও অনুসন্ধান করেছিলেন।

তদন্তকারীরা ফোনে আরও একটি নথি পান। ২০২৫ সালের মে মাসে তৈরি সেই নথিতে এককালীন ২০ পাউন্ডের বিনিময়ে যৌন ছবি বিক্রির প্রস্তাব ছিল।

কোন স্কুলে, কোন শ্রেণিকক্ষে ছবি তোলা হয়েছিল, তা জানতে তদন্তকারীরা ছবির সঙ্গে সংরক্ষিত অবস্থানের তথ্য পরীক্ষা করেন। ছবিতে দেখা স্কুলের পোশাক মিলিয়েও কিশোরীদের শনাক্ত করার চেষ্টা করেন তাঁরা। আবুসালি উত্তর-পশ্চিম ইংল্যান্ডের ২৫টি স্কুলে শিক্ষকতা করেছিলেন।

পুলিশ জানিয়েছে, পোশাকের নিচে গোপনে তোলা ছবি থেকে ১২ কিশোরীকে শনাক্ত করা গেছে। আবুসালির সংগ্রহে ছিল তিন শতাধিক ছবি। এর মধ্যে ছিল শিশুদের যৌন নির্যাতনের ছবি এবং ছাত্রীদের ছবি বদলে তৈরি করা ছবি। অনলাইনে কিছু ছবি প্রকাশের সময় সঙ্গে অপমানজনক মন্তব্যও লিখেছিলেন তিনি।

বিচারক কেন্ডেরিক হর্ন সাজা দেওয়ার সময় শিক্ষক হিসেবে আবুসালির দায়িত্বের কথাই সামনে আনেন। বিচারক বলেন, বিশ্বস্ত শিক্ষক হওয়ার কারণেই তিনি স্কুল ও শ্রেণিকক্ষে ঢুকতে এবং ছাত্রীদের কাছাকাছি থাকতে পেরেছিলেন। সেই বিশ্বাসের অপব্যবহার করেছেন তিনি।

ছয় বছরের কারাদণ্ডের পাশাপাশি আবুসালির বিরুদ্ধে ২০ বছরের যৌন অপরাধ প্রতিরোধমূলক আদেশ দেওয়া হয়েছে। এই সময়ে তিনি স্কুলে কাজ করতে পারবেন না। তাঁর নাম যৌন অপরাধীদের নিবন্ধনেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

তথ্যসূত্র: Sky News

Back to top button
🌐 Read in Your Language