
গ্রিসের নাফপ্লিও থেকে টিকটকে একটি ভিডিও পোস্ট করেন মৌলভীবাজারের মো. হাসান। এথেন্স থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের ওই এলাকায় তিনি কাজ করছিলেন বলে ভিডিওতে জানান। বৈধ কাগজপত্র ছাড়াও সেখানে কাজের জন্য আসা যাবে, এমন আশ্বাস দিয়ে বলেন, ‘৫০ বছর এই জায়গায় থাকলেও পুলিশ আসবে না।’ গ্রিক কর্তৃপক্ষ তাঁর বক্তব্যকে অনিয়মিত অভিবাসনে উসকানি হিসেবে গণ্য করে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। প্রায় পাঁচ মাস পর ২৭ বছর বয়সী হাসানকে গ্রিস থেকে বহিষ্কার করা হয়।
এথেন্সে বাংলাদেশিদের কেউ দোকান চালান, কেউ কাজ করেন রেস্তোরাঁ, হোটেল ও কারখানায়। রাজধানীর বাইরে মানোলাদার স্ট্রবেরির খামার থেকে কালামাতার কৃষিজমি পর্যন্ত বাংলাদেশি শ্রমিকের দেখা মেলে। গ্রিসের ছয়টি এলাকায় বাংলাদেশিদের নিয়ে ইয়ানিনা বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের এক গবেষণায় দেখা যায়, উত্তরদাতাদের কর্মসংস্থানের ক্ষেত্রগুলোর মধ্যে কৃষি ছিল সবচেয়ে বড়। এরপর ছিল হোটেল ও খাবার পরিবেশনের কাজ। দোকানপাট ও নিজেদের ব্যবসাতেও ছিলেন অনেকে।
হাসান যে নাফপ্লিও থেকে ভিডিওটি দিয়েছিলেন, সেটি পেলোপনেস উপদ্বীপের উত্তর-পূর্বে আর্গোলিক উপসাগরের পাড়ে। একসময় আধুনিক গ্রিসের রাজধানী ছিল এই শহর। পুরোনো শহর আর পালামিদি দুর্গ দেখতে সারা বছরই পর্যটকরা ঘুরে বেড়ান। শহরে হোটেল-রেস্তোরাঁর কাজ আছে, আর আশপাশের আর্গোলিদায় কমলা-জাতীয় ফল ও জলপাই তোলার মৌসুমে কৃষিশ্রমিকের চাহিদা বাড়ে। ওই অঞ্চলে ফসল তোলার সময় শ্রমিকের ঘাটতি নিয়ে ২০২৩ সালেই গ্রিক পার্লামেন্টে প্রশ্ন উঠেছিল।
২২ জুন গ্রিক সংবাদমাধ্যম ব্যাংকিং নিউজ ভিডিওটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তাদের দাবি, হাসান স্থানীয় কৃষিকাজে শ্রমিক জোগাড়ের মধ্যস্থতা করতেন। যদিও সে সময় হাসানের গ্রিসে বৈধভাবে বসবাসের অনুমতি ছিল। কিন্তু জুনের শেষ দিকে গ্রিক কর্তৃপক্ষ সেই অনুমতি বাতিল করে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করে। গ্রিসের অভিবাসন ও আশ্রয়মন্ত্রী থানোস প্লেভরিসের অভিযোগ, হাসানের বক্তব্য অনিয়মিত অভিবাসন পরিচালনাকারী চক্রের কাজে সহায়তা করেছিল।
গ্রিসে বসবাসরত বাংলাদেশিদের একাংশ সংবাদ মাধ্যমকে বলেছেন, কাগজপত্র ছাড়াই কাজ করা যাবে বলে এমন প্রচারে পুরো কমিউনিটি সম্পর্কে স্থানীয় মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হয়। তাঁদের উদ্বেগ, এর প্রভাব পড়ে বছরের পর বছর বৈধভাবে কাজ ও ব্যবসা করে আসা বাংলাদেশিদের ওপরও।
গ্রিসের খামারে অভিবাসী শ্রমিকদের ওপর নির্যাতনের খবর একাধিকবার সংবাদমাধ্যমে এসেছে। অভিযোগ রয়েছে, কিছু খামারমালিক ও মধ্যস্থতাকারী শ্রমিকদের পাসপোর্ট আটকে রেখে স্থানীয় খামারে কাজ করতে বাধ্য করতেন। গ্রিসে আনার খরচের সঙ্গে থাকা-খাওয়ার ব্যয় যোগ করে শ্রমিকদের ঘাড়ে ঋণ চাপানো হতো। সেই ঋণ শোধের কথা বলে তাঁদের মজুরি আটকে রাখা হতো। শ্রমিকেরা যাতে চলে যেতে না পারেন, সে জন্য কোনো কোনো ক্ষেত্রে তাঁদের পাহারায়ও রাখা হতো। এসব ঘটনায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করে গ্রিক পুলিশ।
গ্রিসের খামারে দীর্ঘদিন ধরে কাজ করছেন আলবেনিয়ার শ্রমিকেরা। মানোলাদার স্ট্রবেরির খামারে বাংলাদেশি ও পাকিস্তানি শ্রমিকদের কাজের কথাও নথিভুক্ত আছে। কৃষিকাজে ভারতীয় শ্রমিকও রয়েছেন। আর মিসরের সঙ্গে গ্রিসের মৌসুমি কৃষিশ্রমিক নেওয়ার আলাদা চুক্তি রয়েছে। গ্রিক দৈনিক কাথিমেরিনি ৪ নভেম্বর দেশটির কৃষি সমবায়গুলোর সংগঠনের বরাতে জানিয়েছে, কৃষিখাতে বছরে ৭০ থেকে ৮০ হাজার শ্রমিক দরকার হয়।
গ্রিসের শ্রম মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৬ সালের ১ এপ্রিল থেকে দৈনিক মজুরিতে নিয়োজিত শ্রমিকের ন্যূনতম মজুরি ৪১ ইউরো ৯ সেন্ট। তবে শ্রমিকের সংকটে জলপাই তোলার মজুরি বেড়েছে। কাথিমেরিনিকে কয়েকজন উৎপাদক জানিয়েছেন, দৈনিক মজুরি ৭০ থেকে ৮০ ইউরো পর্যন্ত উঠেছে।
বাংলাদেশ ও গ্রিস ২০২২ সালে অভিবাসন ও কর্মী চলাচল নিয়ে সমঝোতা স্মারক সই করে। এতে গ্রিসের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বছরে সর্বোচ্চ চার হাজার বাংলাদেশিকে মৌসুমি কাজের সুযোগ দেওয়ার কথা রয়েছে। এই ব্যবস্থায় পাঁচ বছরের মধ্যে প্রতি ১২ মাসে সর্বোচ্চ নয় মাস কাজ করার সুযোগ রাখা হয়েছে। আবেদনপত্রের সঙ্গে স্বাস্থ্যবিমার প্রমাণও দিতে হয়। গত অক্টোবরে গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা জানান, প্রক্রিয়াগত বাধায় আগের দুই বছরে এই ব্যবস্থায় পাঁচ শ জনেরও কম কর্মী এসেছেন। কাথিমেরিনির খবর অনুযায়ী, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের আবেদন সামলাতে গিয়ে নয়াদিল্লিতে গ্রিসের দূতাবাসে বড় জট তৈরি হয়েছে।
বাগানে ফল তোলার নির্দিষ্ট সময় রয়েছে। ভিসার আবেদন সেই সময় মেনে এগোয় না। এই ব্যবধানেই কাজের খোঁজে থাকা মানুষের কাছে ‘কাগজপত্র লাগবে না’ কথাটা সহজে পৌঁছে যায়। নাফপ্লিও থেকে সেই আশ্বাসই দিয়েছিলেন হাসান। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর গ্রিক কর্তৃপক্ষ তাঁর নিজের বসবাসের অনুমতি বাতিল করে। শেষ পর্যন্ত তাঁকেই গ্রিস ছাড়তে হলো।
তথ্যসূত্র: Alpha TV; Daily Kathimerini







