যুক্তরাজ্যে ৭০ কিশোরীকে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানি: ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

লন্ডন, ১৫ নভেম্বর – যুক্তরাজ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও গেমিং প্ল্যাটফর্ম ব্যবহার করে ১৩ থেকে অপ্রাপ্তবয়স্ক অন্তত ৭০ জন কিশোরীকে ব্ল্যাকমেইল, গ্রুমিং ও শ্লীলতাহানির অভিযোগে বিলাল কাজী (২৭) নামের এক ভারতীয় শিক্ষার্থীকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দেশটির চেস্টার ক্রাউন কোর্টে এই রায় ঘোষণা করা হয়। তিনি চেশায়ার ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী ছিলেন।
রোববার (১৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়। ব্রিটিশ পুলিশের অনলাইন শিশু যৌন নিপীড়নের ইতিহাসে এটি অন্যতম বড় তদন্ত বলে জানিয়েছে চেশায়ার কনস্টেবলারি।
যেভাবে শুরু হয়েছিল এই তদন্ত
২১ বছর বয়সে ২০২১ সালে ডার্বিশায়ার পুলিশে ১৩ বছর বয়সী এক কিশোরীর করা অভিযোগের ভিত্তিতে এই বিশাল অপরাধ চক্রের সন্ধান মেলে। ওই কিশোরী জানায়, সে স্ন্যাপচ্যাটে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখছিল যাকে সে নিজের সমবয়সী কিশোর বলেই জানত। অথচ সে বুঝতেও পারেনি যে ওই প্রোফাইলের পেছনে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ লুকিয়ে রয়েছে।
২০২২ সালের মে মাসে চেশায়ার কনস্টেবলারির বিশেষজ্ঞ অনলাইন শিশু নির্যাতন তদন্তকারীরা মামলার দায়িত্বভার নেন। এর আগেই বিলাল কাজী ব্রিটেন ছেড়ে পালিয়ে যান। পরবর্তীতে ২০২৩ সালের জুলাইয়ে তিনি যুক্তরাজ্যে ফিরে এলে লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
অপরাধের ধরন ও অভিনব প্রতারণা
ব্রিটিশ ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) জানিয়েছে, স্ন্যাপচ্যাট, উইংক এবং রবলক্সের মতো জনপ্রিয় প্ল্যাটফর্ম ব্যবহার করে কিশোরীদের সঙ্গে প্রতারণা করতেন কাজী। নিজের আসল পরিচয় গোপন করতে তিনি ‘রিস’ নামের অনলাইন আইডি এবং এক অজ্ঞাত ব্রিটিশ কিশোরের ছবি ব্যবহার করতেন।
ভুক্তভোগীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার ভান করে তিনি তাদের বিশ্বাস অর্জন করতেন। এরপর তাদের কাছ থেকে আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করতেন। কিশোরীরা পরবর্তীতে তার কোনো দাবি মানতে অস্বীকার করলে বা ছবি দিতে না চাইলে, আগে সংগ্রহ করা ছবিগুলো অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতেন।
সিপিএস জানায়, কাজীর ডিভাইস থেকে শত শত অশ্লীল ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে, যার মধ্যে শিশু যৌন নির্যাতনের অত্যন্ত গুরুতর ক্যাটাগরির সামগ্রীও রয়েছে। এক ঘটনায় অনলাইনে একটি ভিডিও প্রকাশ করেছিলেন তিনি, যা ৯৩ জন দেখেছিলেন।
পুলিশি তদন্ত ও দেশজুড়ে ভুক্তভোগী শনাক্ত
গ্রেপ্তারের পর কাজীর মোবাইল ফোন ও ডিভাইস পরীক্ষা করে পুলিশ দেখতে পায়, এই নির্যাতন বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি অত্যন্ত সুদূরপ্রসারী। পরবর্তীতে যুক্তরাজ্যের ৪৫টি পুলিশ অঞ্চলের ২৮টি এলাকা জুড়ে ছড়িয়ে থাকা প্রায় ১৮০ জন সম্ভাব্য ভুক্তভোগীকে চিহ্নিত করা হয়। দীর্ঘ তদন্তের পর পুলিশ ৭০ জন কিশোরীর পরিচয় নিশ্চিত করতে সক্ষম হয়।
আদালতে প্রসিকিউশন পক্ষ জানায়, এই ঘটনার ফলে ভুক্তভোগী কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। তাদের অনেকের মধ্যে তীব্র দুশ্চিন্তা, খাওয়ার ব্যাধি (ইটিং ডিসঅর্ডার) এমনকি আত্মহত্যার প্রবণতার মতো বিষয়ও দেখা গেছে।
আদালতের রায় ও বিচারকের কঠোর মন্তব্য
মামলার রায়ে বিচারক স্টিভেন এভারেট সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কঠোর সমালোচনা করে বলেন, এই দুর্বলতার সুযোগ নিয়েই শিশুদের শোষণ করতে পেরেছিল কাজী।
দোষ স্বীকার করার পর আদালত তাকে ৩০ বছরের কারাদণ্ড দেন এবং মুক্তির পর ৮ বছরের বর্ধিত লাইসেন্স মেয়াদ বলবৎ থাকবে বলে জানান। রায়ে বলা হয়, অন্তত ২০ বছর সাজা ভোগ করার পরই কেবল তিনি প্যারোলে মুক্তি পাওয়ার যোগ্য হবেন। এছাড়া আদালত তার বিরুদ্ধে যৌন ক্ষতি প্রতিরোধ আদেশ ও নিষেধাজ্ঞা জারি করেছেন।
এনএন/ ১৫ নভেম্বর ২০২৬







