ইউরোপ

২০২৭ সালের নেটো সম্মেলন আলবেনিয়ায় হচ্ছে না, জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ইদি রামা

তিরানা,১৩ নভেম্বর-আগামী বছরের নেটো শীর্ষ সম্মেলন আলবেনিয়ায় অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইদি রামা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা খাতে কম অর্থ বরাদ্দ দেওয়ায় রামার সরকার সামরিক জোট নেটোর সমালোচনার মুখে রয়েছে। একই সঙ্গে দেশেও তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে।

বৃহস্পতিবার ডাবলিনে ইউরোপীয় নেতাদের একটি সম্মেলনের আগে ইদি রামা বলেন, আগামী নেটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনও কোনো ঐকমত্য হয়নি। ২০২৭ সালে সম্মেলন আয়োজনের বিষয়টিও নিশ্চিত নয়। তিনি আরও বলেন, ২০২৮ সালে সম্মেলন হলে সেটি তিরানায় অনুষ্ঠিত হতে পারে।

অন্যদিকে, নেটোর একজন কর্মকর্তা জানিয়েছেন, পরবর্তী শীর্ষ সম্মেলন আলবেনিয়ায় অনুষ্ঠিত হবে। তবে সম্মেলনের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

সম্মেলন নিয়ে সংশয়:

গত জুনেই রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, আলবেনিয়ায় নেটোর শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

তিরানার প্রতিরক্ষা খাতে কম বরাদ্দ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং নেটোর সদস্য দেশগুলোর মধ্যে অসন্তোষ রয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুনে নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত নেটো শীর্ষ সম্মেলনের ঘোষণায় নেতারা জানিয়েছিলেন, ২০২৬ সালে তুরস্কে সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপরের সম্মেলনটি হবে আলবেনিয়ায়।

চলতি বছরের জুলাইয়ে আঙ্কারায় সম্মেলন অনুষ্ঠিত হলেও পরবর্তী শীর্ষ সম্মেলনের সময় ও স্থান সম্পর্কে তখন কিছু জানানো হয়নি।

নেটো এখন প্রতিবছর শীর্ষ সম্মেলন আয়োজনের প্রচলিত রীতি থেকে সরে আসার কথা ভাবছে। এর উদ্দেশ্য হলো, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ পর্যায়ে সম্ভাব্য উত্তেজনাকর পরিস্থিতি এড়িয়ে চলা।

কূটনীতিকদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নেটো চলতি বছরেই তাড়াহুড়ো করে একটি সম্মেলন আয়োজন করতে পারে। তবে সেটি আলবেনিয়ার তিরানায় হওয়ার সম্ভাবনা নেই।

অভ্যন্তরীণ চাপ:

দীর্ঘ ১৩ বছর ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী ইদি রামার বিরুদ্ধে কয়েক মাস ধরে আলবেনিয়ায় বিক্ষোভ চলছে।

গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে একটি বিলাসবহুল রিসোর্ট নির্মাণের প্রাথমিক অনুমোদন দেওয়ার পর বিক্ষোভের মুখে পড়েন রামা।

আলবেনিয়ার দক্ষিণ উপকূলে ভারনেকের সংরক্ষিত জলাভূমি ভিয়োসা-নেত্রায় ওই রিসোর্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

‘ফ্লেমিঙ্গো বিপ্লব’ নামে পরিচিত সরকারবিরোধী এই বিক্ষোভ এখন ইদি রামার পদত্যাগের দাবিতে রূপ নিয়েছে।

গত অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই বিক্ষোভে যোগ দেন। তাদের দাবির মধ্যে রয়েছে শিক্ষাব্যবস্থার উন্নয়ন, শিক্ষার খরচ কমানো, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং দেশজুড়ে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।

রামা পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, আলবেনিয়া ও ইউরোপীয় ইউনিয়নের আইন মেনেই রিসোর্ট নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, বিক্ষোভকারীদের দাবি উপেক্ষা করে তার সরকার বলছে, এই আন্দোলন রাজনৈতিক বিরোধীদের ষড়যন্ত্র।

এস এম/ ১৩ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language