ইউরোপ

জরিপে যুক্তরাজ্যের ৭৮ শতাংশ নাগরিকের চোখে বিশ্বশান্তির জন্য হুমকি ইসরায়েল

বিশ্বশান্তির জন্য হুমকি ইসরায়েল

লন্ডন,১০ নভেম্বর- ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি মনে করেন যুক্তরাজ্যের প্রায় ৮০ শতাংশ নাগরিক। সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। গত সপ্তাহে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চ’ (ন্যাটসেন) তাদের বার্ষিক জরিপের ফল প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী, ২০০৫ সালে যেখানে ৪৮ শতাংশ ব্রিটিশ নাগরিক ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য হুমকি মনে করতেন, সেখানে গাজায় আড়াই বছর ধরে চলা গণহত্যা এবং পরবর্তী সময়ে ইরানে হামলার প্রেক্ষাপটে চলতি বসন্তে এই হার বেড়ে ৭৮ শতাংশে দাঁড়িয়েছে।

এদিকে কাউন্সিল ফর ব্রিটিশ-আরব আন্ডারস্ট্যান্ডিংয়ের উদ্যোগে ইউগভের পরিচালিত জুলাই মাসের এক জরিপে দেখা গেছে, ব্রিটেনের মাত্র ১৭ শতাংশ মানুষ মনে করেন, গাজায় ইসরায়েল কোনো গণহত্যা চালাচ্ছে না। বাকি বড় একটি অংশ ইসরায়েলের এই সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে দেখছেন। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের শুরু করা এই যুদ্ধ এখন আর শুধু আঞ্চলিক রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এর সরাসরি প্রভাব পড়ছে যুক্তরাজ্যের সাধারণ পরিবারগুলোর দৈনন্দিন জীবনে। এই যুদ্ধের কারণে জ্বালানি তেল, খাদ্যদ্রব্য এবং বাড়ি কেনার ঋণের বাড়তি খরচ বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে। অর্থনৈতিক এই ধাক্কায় জীবনযাত্রার ব্যয়ও অনেক বেড়ে গেছে।

পরিস্থিতি সামাল দিতে গত সপ্তাহে ব্যাংক অব ইংল্যান্ড তাদের মূল সুদের হার ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করেছে। গত তিন বছরের বেশি সময়ের মধ্যে এবারই প্রথম সুদের হার বাড়ানো হলো। এর ফলে বাড়ি কেনার ঋণ নেওয়া ব্যক্তিদের মাসিক কিস্তির পরিমাণ বাড়বে। একই সঙ্গে নতুন করে হোম লোন নেওয়ার খরচও অনেক বেড়ে যাবে। অর্থনীতিবিদরা আশা করেছিলেন, যুদ্ধের আগেই সুদের হার কমানো হবে। কিন্তু বাস্তবে দেখা গেল এর ঠিক উল্টো চিত্র।

গত তিন বছরে ইসরায়েলের প্রতি ব্রিটিশ নাগরিকদের দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। গাজায় ইসরায়েলি হামলা শুরুর এক বছর পর, অর্থাৎ ২০২৪ সালের শরৎকালে, ৭৩ শতাংশ ব্রিটিশ নাগরিক ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছিলেন। এরপর থেকে এই হার ধারাবাহিকভাবে বেড়েছে। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২২ হাজারেরও বেশি শিশু রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৬২ জন। ধ্বংসস্তূপের নিচে আরও প্রায় ১০ হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন, যাদের অধিকাংশকেই মৃত বলে ধারণা করা হচ্ছে। গত বছরের ১১ অক্টোবর তথাকথিত যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে গাজায় আরও ১ হাজার ৬১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৫ হাজার ৮৩৩ জনের বেশি মানুষ আহত হয়েছেন। অন্যদিকে, চলতি বছরের শুরুর দিকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে ৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

ইসরায়েলের পাশাপাশি দেশটির প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রতিও ব্রিটিশ নাগরিকদের মনোভাব অনেক তিক্ত হয়ে উঠেছে। জরিপে অংশ নেওয়া ৭৪ শতাংশ ব্রিটিশ নাগরিক এখন যুক্তরাষ্ট্রকেও বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি মনে করেন। দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পর্যবেক্ষণ করে আসা ন্যাটসেন তাদের প্রতিবেদনে জানিয়েছে, গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটো মিত্রদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তিক্ত বিরোধ এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে নতুন করে বোমা হামলা চালানোর মার্কিন সিদ্ধান্তের পর থেকেই এই হার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।

ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ১৯৯৪ সালে বিল ক্লিনটনের শাসনামলে মাত্র ২২ শতাংশ ব্রিটিশ নাগরিক যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তির জন্য ক্ষতিকর মনে করতেন। ২০০৫ সালে বুশ প্রশাসনের অধীনে ইরাকে অবৈধ হামলার দুই বছর পর এই সংখ্যা বেড়ে ৪৭ শতাংশে দাঁড়ায়। তবে বর্তমানে যুক্তরাজ্যের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক মিত্র দেশটিকে যেভাবে সংখ্যাগরিষ্ঠ মানুষ বিশ্বশান্তির জন্য হুমকি হিসেবে দেখছেন, ন্যাটসেনের প্রতিবেদনে একে অভূতপূর্ব মানসিক পরিবর্তন হিসেবে উল্লেখ করা হয়েছে।

১৯৮৩ সাল থেকে ন্যাটসেনের পরিচালনায় চলে আসা ঐতিহ্যবাহী ‘ব্রিটিশ সোশ্যাল অ্যাটিটিউডস’ জরিপ অনুযায়ী, বিশ্বশান্তির জন্য হুমকির তালিকার শীর্ষে রয়েছে রাশিয়া। জরিপে অংশ নেওয়া ৮৯ শতাংশ ব্রিটিশ নাগরিক দেশটিকে বিশ্বশান্তির জন্য বড় হুমকি মনে করেন। এ ছাড়া চীনের ক্ষেত্রে এই হার ৬২ শতাংশ। অন্যদিকে, ইরানকে হুমকি মনে করা ব্রিটিশ নাগরিকের হার বেড়ে ৭৫ শতাংশে দাঁড়িয়েছে, যা গত বছরের বসন্তে ছিল ৬৭ শতাংশ।

এস এম/ ১০ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language