চট্টগ্রাম

আনোয়ারায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের

ছাত্রলীগের নেতা-কর্মী

চট্রগ্রাম,১০ নভেম্বর- চট্টগ্রামের আনোয়ারায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়কের শোলকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী সড়কে অবস্থান নিয়ে একাধিক টায়ারে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগানও দেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অবরোধের চেষ্টায় অংশ নেওয়া ব্যক্তিদের কারও মাথায় হেলমেট, আবার কারও মুখে মুখোশ ছিল। তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দিচ্ছিলেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। তবে পুলিশের পৌঁছানোর আগেই তাঁরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ পৌঁছানোর আগেই তাঁরা সরে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এস এম/ ১০ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language