চবি ক্যাম্পাসে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ, অমান্য করলে আইনি ব্যবস্থা

চট্রগ্রাম,২৫ অক্টোবর-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় প্রক্টর অফিসের পূর্বানুমতি ছাড়া ড্রোন ক্যামেরা ওড়ানো নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা প্রায়ই বিনা অনুমতিতে ড্রোন ক্যামেরা ওড়াচ্ছেন। এমনকি কোনো কোনো ক্ষেত্রে ছাত্রীদের হলের পাশেও ড্রোন ওড়ানো হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রক্টর অফিসের অনুমতি ছাড়া ক্যাম্পাসের ভেতরে কোনো ধরনের ড্রোন ক্যামেরা ওড়ানো যাবে না। ড্রোন ওড়ানোর প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই প্রক্টর অফিসের অনুমতি নিতে হবে এবং নির্ধারিত বিধিবিধান অনুসরণ করতে হবে। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
এস এম/ ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম যোগ করে প্রতিবেদনটি সাজানভূমিকাটি আরও সংক্ষিপ্ত ও শক্তিশালী করুন







