ফরিদপুরে আগুনে পুড়ল ৭ পাটের গুদাম ও ৩ দোকান, ৩ হাজার মণ পাট ছাই

ফরিদপুর,২৫ অক্টোবর-ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে সাতটি পাটের গুদাম ও তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে গুদামগুলোতে মজুত থাকা তিন হাজার মণ পাট পুড়ে গেছে।
শনিবার রাত ৮টার দিকে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এ ঘটনা ঘটে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে ফলিয়া বাজারের একটি পাটের গুদামে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন বাজারের আরও কয়েকটি গুদাম ও দোকানে ছড়িয়ে পড়ে। এতে একে একে সাতটি পাটের গুদাম, দুটি কাঁচামালের দোকান এবং একটি চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
আগুন লাগার খবর পেয়ে বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুন নেভানোর আগেই পাটের গুদামসহ দোকানগুলোর সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
বাজারের ব্যবসায়ী কাশেম মন্ডল জানান, রাত ৮টার দিকে স্থানীয় লোকজন একটি পাটের গুদামে আগুন দেখতে পান। খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে তিনি দেখেন, গুদামগুলোতে দাউদাউ করে আগুন জ্বলছে। আগুনে সাতটি গুদামে থাকা প্রায় তিন হাজার মণ পাট পুড়ে গেছে। এসব পাটের বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।
ফরিদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা জানান, আগুন লাগার খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
এস এম/ ২৫ অক্টোবর ২০২৬







