কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে সাতকানিয়ায় পুকুরে বাস, শিক্ষিকাসহ নিহত ২

চট্রগ্রাম,০৭ নভেম্বর-কুমিল্লার বুড়িচং থেকে কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্ঘটনার কবলে পড়েছে একটি মাদ্রাসার বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে এক শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে সাতকানিয়ার কেরানীহাটের আগে রেলবিট এলাকা পার হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার শিকার বাসটি কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। বাসটিতে বুড়িচংয়ের বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অর্ধশতাধিক যাত্রী ছিলেন। তারা শিক্ষাসফরের অংশ হিসেবে কক্সবাজার যাচ্ছিলেন। একই সফরে থাকা অন্য একটি বাসের যাত্রীরা এ তথ্য জানিয়েছেন।
নিহত দুজন হলেন মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) ও ইসরাফিল (৫৬)।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা এবং পাশের একটি ইটভাটার শ্রমিকরা উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারা বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করে আনেন। পরে আহতদের কেরানীহাট ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই দুজনের মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে দুজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটায় স্থানীয় লোকজন প্রথমে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। বাসটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এস এম/ ০৭ নভেম্বর ২০২৬







