দক্ষিণ এশিয়া

পুরান দিল্লিতে তিনতলা ভবন ধসে নিহত বেড়ে ৩, ৪৭ ঘণ্টা পর উদ্ধার আরও এক মরদেহ

তিনতলা ভবন ধস

দিল্লি,০৭ নভেম্বর-ভারতের পুরান দিল্লির হাউজ কাজি এলাকায় তিনতলা ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার প্রায় ৪৭ ঘণ্টা পর শনিবার ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম পঙ্কজ শর্মা (৪০)। তিনি বিহারের খাগারিয়া জেলার বাসিন্দা হাজারি শর্মার ছেলে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চাওরি বাজার মেট্রো স্টেশনের কাছে ‘গলি সিতারা’ এলাকায় ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে এবং দুজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে তিনতলা ভবনটি ধসে পড়ে। খবর পেয়ে দিল্লি পুলিশ, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিস এবং দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনের (এমসিডি) সদস্যরা একসঙ্গে উদ্ধার অভিযান শুরু করেন।

দিল্লি পুলিশের কেন্দ্রীয় জেলার ডেপুটি কমিশনার রোহিত রাজবীর সিং জানিয়েছিলেন, ভবনটি ধসে পড়ার সময় সেখানে ১০ থেকে ১৫ জন শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনার পর থেকেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ধ্বংসস্তূপ সরিয়ে সেখানে আর কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক তদন্তে ভবনটির নির্মাণকাজের বৈধতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমসিডির এক কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, প্রায় ৫০ বর্গমিটার জমির ওপর প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ভবনটি নির্মাণ করা হচ্ছিল। এমনকি ভবনটির কোনো অনুমোদিত নকশাও ছিল না।

এস এম/ ০৭ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language