ফিলিপাইনের কাছে ৮০ কোটি ডলারের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রিতে চূড়ান্ত আলোচনায় ভারত

দিল্লি,০৬ নভেম্বর-ফিলিপাইনের কাছে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস বিক্রির পরিমাণ বাড়াতে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চালাচ্ছে ভারত। এ বিষয়ে সরাসরি জানেন, এমন তিনটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। ২০২২ সালে হওয়া আগের চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র সরবরাহের কাজ যখন শেষের দিকে, ঠিক তখনই নতুন চুক্তির বিষয়টি সামনে এল।
ভারতের দুটি সূত্র জানিয়েছে, ফিলিপাইন প্রায় পাঁচটি ব্রহ্মোস সিস্টেম কেনার পরিকল্পনা করছে। এসব সিস্টেমের আওতায় প্রায় ৬০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে। সম্ভাব্য এই চুক্তির মূল্য ৭০ কোটি থেকে ৮০ কোটি মার্কিন ডলার হতে পারে। এর আগে ফিলিপাইনের নৌবাহিনীর ব্যবহারের জন্য ৩৭ কোটি ৫০ লাখ ডলারের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তি করেছিল ভারত। তবে নতুন চুক্তির সম্ভাব্য মূল্য আগের চেয়ে বেশি।
দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে উত্তেজনার কারণে ফিলিপাইন নিজেদের সামরিক বাহিনী আধুনিক করার পাশাপাশি উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করছে। এমন পরিস্থিতিতেই ভারতের সঙ্গে দেশটির নতুন এই চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে।
ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আর্সেনিও আন্দোলোং রয়টার্সকে জানিয়েছেন, দেশটির প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র অতিরিক্ত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কেনার আগ্রহ প্রকাশ করেছেন। গত বুধবার ‘দিল্লি ডিফেন্স ডায়ালগে’ ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওডোরো বলেন, তাঁরা আরও ব্রহ্মোস ইউনিট পাওয়ার আশা করছেন। পাশাপাশি ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটিকে ফিলিপাইনের পরিবেশের সঙ্গে আরও উপযোগী করে তুলতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে একটি তালিকাও জমা দিয়েছেন।
ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মোস বিশ্বের দ্রুতগতির ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর একটি। এটি স্থল, সমুদ্র ও আকাশ—তিন জায়গা থেকেই নিক্ষেপ করা যায়। গত বছর ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘর্ষের সময় ভারত প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এরপর থেকেই অস্ত্রটির চাহিদা বেড়েছে। গত জুলাইয়ে ইন্দোনেশিয়ায় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দেয় ভারত। ভিয়েতনামের সঙ্গেও একটি চুক্তি স্বাক্ষর করে দেশটি। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলসহ আরও কয়েকটি দেশের সঙ্গে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে।
সরকারি তথ্য অনুযায়ী, গত মার্চে শেষ হওয়া অর্থবছরে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৬২ শতাংশের বেশি বেড়েছে। এ সময়ে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৮৪ দশমিক ২৪ বিলিয়ন রুপি, যা ৪ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলারের সমান।
এস এম/ ০৬ নভেম্বর ২০২৬







