ইরানে হামলা হলে বিশ্বজুড়ে মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাতের হুঁশিয়ারি তেহরানের

তেহরান,০৬ নভেম্বর-যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে হামলা চালানো হলে কোনো ধরনের ‘ভৌগোলিক সীমানার তোয়াক্কা না করে’ বিশ্বের বিভিন্ন স্থানে থাকা সব মার্কিন সম্পদে আঘাত হানার কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র নমনীয় অবস্থান নিলে দুই দেশের মধ্যে সম্ভাব্য চুক্তির পথ সহজ হতে পারে।
ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো হামলা বা শত্রুতামূলক কর্মকাণ্ডের কারণে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে না। কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের দেওয়া সাতটি শর্ত যুক্তরাষ্ট্র মেনে নিলেই কেবল এই সামুদ্রিক পথটি আবার চালু করা সম্ভব।
তিনি আরও সতর্ক করে বলেন, দক্ষিণ-পশ্চিম এশিয়ার বাইরেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি রয়েছে। এসব জায়গায় তাদের সামরিক সরঞ্জাম ও বাহিনী মোতায়েন আছে। ইরানে হামলা হলে দেশটির সশস্ত্র বাহিনী কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা বিবেচনা না করেই যুক্তরাষ্ট্রের সব লক্ষ্যবস্তুতে আঘাত হানবে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শত্রুপক্ষের যেকোনো হঠকারিতা বা আগ্রাসনের দ্রুত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। এমনভাবে জবাব দিতে হবে, যেন তারা নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়।
তবে কঠোর হুঁশিয়ারির পাশাপাশি সমঝোতার ইঙ্গিতও দিয়েছে ইরান। দেশটির সাবেক কূটনীতিক হাদি আফগাহি আল জাজিরাকে বলেছেন, যুক্তরাষ্ট্র নমনীয় হলে তেহরান চুক্তির পথ সহজ করতে পারে। তাঁর যুক্তি, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যিই যুদ্ধে জড়াতে চান না। কারণ, যুদ্ধ হলে তাঁকে আরও বেশি অর্থ ব্যয় করতে হবে।
আফগাহির ধারণা, কাতারের মাধ্যমে ইরানের পাঠানো প্রস্তাব যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ও রিপাবলিকান—দুই দলের ওপরই ইতিবাচক প্রভাব ফেলবে। এ ছাড়া নতুন মার্কিন কংগ্রেস দায়িত্ব নেওয়ার পর যুদ্ধ বন্ধ করতে ট্রাম্পের ওপর চাপ প্রয়োগের বিষয়ে ডেমোক্র্যাটদের প্রতিশ্রুতি এবং সম্প্রতি মস্কো সফরে যুদ্ধ শেষ করতে পুতিনের সহযোগিতার আশ্বাসকেও তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।
তবে তাঁর মতে, ট্রাম্পের আশপাশে থাকা যুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া উপদেষ্টারা পরিস্থিতি জটিল করে তুলতে পারেন। বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উসকানি পরিস্থিতিকে আরও কঠিন করে তুলতে পারে।
এস এম/ ০৬ নভেম্বর ২০২৬







