ব্যবসা

কিছু নিত্যপণ্যের দাম কমেছে, তবে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ

মাছ

ঢাকা,০৬ নভেম্বর-রাজধানীর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে গত এক সপ্তাহে দামের মিশ্র চিত্র দেখা গেছে। কিছু পণ্যের দাম বেড়েছে, আবার কয়েকটির দাম কমেছে। তবে মাছের বাজারে চড়া দাম অব্যাহত থাকায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি দেশি আদা ১৩০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে একই আদা বিক্রি হয়েছিল ১২৫ থেকে ১৫৫ টাকায়। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে প্রায় ৫ টাকা বেড়েছে।

অন্যদিকে কাঁচা মরিচের দাম বেশ কমেছে। গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ থেকে ১৮০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৮০ থেকে ১৬০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

এ ছাড়া দেশি পেঁয়াজ ও বেগুনের দামও কিছুটা কমেছে। বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪০ থেকে ৬০ টাকা এবং বেগুন ৬০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা এবং বেগুনের দাম ছিল ৭০ থেকে ১২০ টাকা।

তবে চাল ও সয়াবিন তেলের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। রাজধানীর বাজারে প্রতি কেজি মোটা চাল ৫০ থেকে ৫৫ টাকা এবং সরু চাল ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮৯ থেকে ২০০ টাকার মধ্যে রয়েছে।

নিত্যপণ্যের কয়েকটির দাম কমলেও মাছের বাজারে চড়া দামের চাপ কমেনি। রাজধানীর মহাখালী কাঁচাবাজারে প্রতি কেজি তেলাপিয়া ২৬০ টাকা, চাষের কই ২২০ টাকা এবং পাঙাশ ২৫০ থেকে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া প্রতি কেজি সিলভার কার্প ২৮০ থেকে ৩৫০ টাকা, মিরর কার্প ৩৫০ থেকে ৪০০ টাকা এবং মাঝারি আকারের পাবদা মাছ ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

রুই ও কাতলা মাছের দামও ক্রেতাদের বাড়তি চাপের মধ্যে রেখেছে। আকার ও মান অনুযায়ী প্রতি কেজি রুই ও কাতলা ৫৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও বড় আকারের কাতলার দাম ৬৫০ টাকা পর্যন্ত উঠেছে।

চিংড়ির বাজারেও দাম বেশ চড়া। প্রতি কেজি চাষের চিংড়ি প্রায় ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। আর বড় আকারের গলদা চিংড়ির দাম ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত।

এদিকে ইলিশের দামও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে। বাজারে প্রতি কেজি ছোট আকারের ইলিশ ৮০০ থেকে ১ হাজার টাকা, মাঝারি আকারের ইলিশ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ টাকা এবং বড় আকারের ইলিশ প্রায় ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

এস এম/ ০৬ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language