জামালপুর

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৪, আহত অন্তত ৩

ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৪

জামালপুর,০৭ নভেম্বর-জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।

শনিবার সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২০) এবং তাদের আট মাস বয়সী সন্তান রিফা। নিহত অপর ব্যক্তি হলেন মেলান্দহ উপজেলার শাহজাদপুর এলাকার বরকত আলী ভূইয়ার ছেলে শওকত হাসান লিখন (৪৫)।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে মেলান্দহ উপজেলার শিমুলতলী থেকে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাটি জামালপুরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনাস্থলে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল মেলান্দহের দিকে যাচ্ছিল। এ সময় জামালপুরগামী একটি ট্রাকের সঙ্গে প্রথমে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর ট্রাকটি পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা একই পরিবারের শিশুসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া মোটরসাইকেলের দুই আরোহীসহ অন্তত চারজন গুরুতর আহত হন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়।

এস এম/ ০৭ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language