জামালপুর

জামালপুরের ইসলামপুরে গলায় মাংস আটকে কিশোরের মৃত্যু

জামালপুর, ২৯ মে – জামালপুরের ইসলামপুর উপজেলায় খাবার খাওয়ার সময় গলায় মাংস আটকে মো. ইয়াসিন নামের ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পোড়ারচর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ইয়াসিন স্থানীয় নয়াপাড়া এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে এবং বটচর নিম্নমাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দারা জানান,

বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গেই খাবার খাচ্ছিল ইয়াসিন। সে সময় অসাবধানতাবশত তার গলায় মাংসের একটি টুকরো আটকে যায়। এতে তার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় এবং সে ছটফট করতে থাকে। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, হাসপাতালে আনার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসনালীতে মাংস আটকে যাওয়ায় শ্বাসরোধ হয়ে সে মারা গেছে।

এস এম/ ২৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language