জামালপুরে কোরবানির আকর্ষণে ৮০০ কেজির বিশাল গরু ‘ক্রিস গেইল’

জামালপুর, ১১ মে – আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার ময়না এগ্রো ফার্মের বিশাল আকৃতির একটি গরু আলোচনায় এসেছে। নেপালি গির জাতের এই গরুটি বর্তমানে ৮০০ কেজি ওজনের। ক্রিকেটার ক্রিস গেইলের ভক্ত খামারি মো. দিয়া মিয়া শখ করে গরুটি কিনে এর নাম রাখেন ক্রিস গেইল। তিন বছর আগে মাত্র ৬৫ হাজার টাকায় কেনা এই গরুটি এখন খামারের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।
বর্তমানে ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতা এবং ৬ ফুট ৬ ইঞ্চি দৈর্ঘ্যের গরুটির দাম চাওয়া হচ্ছে ৬ লাখ টাকা। সরেজমিনে দেখা গেছে, গাঢ় লালচে বাদামী রঙের এই গরুটি কিছুটা রাগী প্রকৃতির। অপরিচিত কেউ কাছে গেলে গরুটি তেড়ে আসে। প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা এই পশুকে দেখাশোনার জন্য ইমরান নামের একজন কর্মচারীকে নিয়োজিত করা হয়েছে। সাইলেজ, কাঁচা ঘাস এবং গমের ভুসি খেয়েই বেড়ে উঠেছে ক্রিস গেইল।
খামারি দিয়া মিয়া এবং তার কর্মচারী ইমরান জানান, গরুটির প্রতি তাদের ব্যাপক মায়া তৈরি হয়েছে। বিক্রির প্রসঙ্গ উঠলেই গরুটির চোখ দিয়ে পানি পড়ে এবং মালিকও আবেগপ্রবণ হয়ে পড়েন। গরুটি দেখতে স্থানীয় পাইকারি ব্যবসায়ীসহ অনেকেই খামারে ভিড় করছেন। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় মালিক এখনো এটি বিক্রি করেননি। তিনি জানান, উপযুক্ত দামের আশায় ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করতেও তিনি রাজি।
জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ডা. এ.টি.এম হাবিবুর রহমান জানিয়েছেন, জেলায় পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু প্রস্তুত রয়েছে। তাদের মেডিকেল টিম নিয়মিত খামারগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে। জেলায় চাহিদার তুলনায় অতিরিক্ত পঁচিশ হাজার পশু অন্য জেলাগুলোতে সরবরাহ করা সম্ভব হবে বলেও তিনি জানান।
এস এম/ ১১ মে ২০২৬









