দেশে দ্রুত বাড়ছে ‘বাংলা কিউআর’ লেনদেন, নভেম্বরে আসছে ব্যক্তি পর্যায়ে সেবা

ঢাকা, ২৩ আগস্ট – দেশে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে সর্বজনীন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’। কেন্দ্রীয় ব্যাংকের ‘এক দেশ এক কিউআর’ নীতি চালুর পর এই মাধ্যমে লেনদেনের সংখ্যা এবং আর্থিক পরিমাণ উভয় ক্ষেত্রেই বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে। মাত্র দেড় মাসের ব্যবধানে দৈনিক লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ এবং অর্থের পরিমাণ প্রায় তিনগুণ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী জুলাই মাসের শুরুতে বাংলা কিউআর কোডের মাধ্যমে প্রতিদিন গড়ে ১ লাখ ৭৮ হাজার লেনদেন সম্পন্ন হতো। সে সময় দৈনিক লেনদেনের গড় আর্থিক পরিমাণ ছিল ৩৭ কোটি ৩৩ লাখ টাকা। তবে গত এক সপ্তাহে লেনদেনের চিত্র পাল্টে গেছে।
বর্তমানে প্রতিদিন গড়ে ৩ লাখ ৩ হাজার বার বাংলা কিউআর ব্যবহার করা হচ্ছে এবং দৈনিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১১০ কোটি ৩৮ লাখ টাকা।
গত ১ জুলাই থেকে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিজস্ব কিউআর কোড সরিয়ে একক বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করে কেন্দ্রীয় ব্যাংক। এই নির্দেশনার পর থেকেই কিউআর ভিত্তিক লেনদেনের প্রতি গ্রাহকদের আগ্রহ বাড়ছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মার্চেন্টের সংখ্যাও।
জুলাইয়ের শুরুতে ১৬ লাখ মার্চেন্ট থাকলেও বর্তমানে তা বেড়ে প্রায় ৩০ লাখে দাঁড়িয়েছে। বর্তমানে সাধারণত দোকানপাট ও বিভিন্ন কেনাকাটায় এই ব্যবস্থা বেশি ব্যবহৃত হচ্ছে। তবে এবার ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে অর্থ স্থানান্তরের সুবিধার আওতায় একে আরও বড় পরিসরে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যবস্থা চালু হলে প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা কিউআর কোড থাকবে। এর মাধ্যমে ব্যাংক বা মোবাইল আর্থিক সেবা তথা এমএফএস হিসাব থেকে অন্য হিসাবে সহজেই টাকা পাঠানো যাবে। এতে আন্তঃব্যাংক এবং আন্তঃএমএফএস লেনদেন আরও সহজ হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে আগামী ১ নভেম্বরের মধ্যে ব্যক্তি পর্যায়ে এই সেবা চালুর প্রস্তুতি চলছে। এজন্য সংশ্লিষ্ট সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন জানান ক্যাশলেস লেনদেন বাড়াতে বাংলা কিউআরকে আরও সহজ করার কাজ চলছে। আগামী ১ নভেম্বর থেকে ব্যক্তি পর্যায়ে এটি চালুর পরিকল্পনা রয়েছে।
এনএন/ ২৩ আগস্ট ২০২৬









