জাতীয়

আওয়ামী লীগকে ‘জাতীয় শয়তান’ আখ্যা দিয়ে নেতাকর্মীদের বিচারের দাবি রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

ঢাকা,২২ নভেম্বর-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘জাতীয় শয়তান’ আখ্যা দিয়ে দলটির নেতাকর্মীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টায় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিলে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, পার্লামেন্টে আইন করা উচিত যে আওয়ামী লীগ জাতীয় শয়তান। এখন থেকে তাদের জাতীয় শয়তান হিসেবে বিবেচনা করা হবে। আর শয়তানের কোথাও কোনো জায়গা নেই।

তিনি বলেন, গত ১৭ বছরের শাসনামলে দেশে গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা ও হত্যাকাণ্ড চালানো হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ সত্য, ন্যায় ও ন্যায়বিচারের পক্ষে। তাই যারা জনগণের সঙ্গে শত্রুতা করেছে এবং জনগণের কাছে জাতীয় শয়তান হিসেবে বিবেচিত, তাদের এ দেশে নতুন করে রাজনীতি করার কোনো সুযোগ নেই।

রুহুল কবির রিজভী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও বিদেশে বসে অডিও বার্তার মাধ্যমে সহিংসতা ও নাশকতায় উসকানি দিচ্ছেন।

সাম্প্রতিক বিভিন্ন সহিংস ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ফরিদপুরের ভাঙ্গা ও নড়াইলে প্রাণহানি, গ্রামীণ ব্যাংকের ৮০টি শাখায় অগ্নিসংযোগ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিএনপির বিভিন্ন নেতার বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা ককটেল নিক্ষেপ ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনায় অর্থের জোগান দিচ্ছেন। ব্যাংকিং খাত ও বড় বড় মেগা প্রকল্প থেকে আত্মসাৎ করা অর্থ এসব কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যারা অপরাধ করছে, আগুন লাগাচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় এনে আইনসম্মতভাবে বিচার করা হবে।

রিজভী বলেন, সরকারপ্রধান তারেক রহমান চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সবাইকে নিষ্ঠুরভাবে দমন করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করেন বলেই তিনি প্রতিশোধপরায়ণতার পথ অনুসরণ করছেন না। যারা অপরাধ করছে এবং মানুষের রক্ত চুষে নিচ্ছে, সেই রক্তচোষা জোঁকদের আইনের আওতায় এনে বিচার করা দরকার।

তিনি বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাস্তায় রাস্তায় পাহারা দেবেন, যাতে ওই জাতীয় শয়তানদের চলাচলের ওপর নজর রাখতে পারেন। কারণ, তারা সর্বনাশা ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে। গত ১৭ বছরে তারা অনেক টাকা আয় করেছে, তাই তাদের টাকার অভাব নেই। ওয়ার্ড পর্যায়ের একজন নেতারও টাকার কোনো শেষ নেই।

এস এম/ ২২ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language