জাতীয়

রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতির মামলায় সাবেক জিএমের ২ বছর, কর্মকর্তার ৩ বছরের কারাদণ্ড

রেলওয়ে

ঢাকা,২২ নভেম্বর-বাংলাদেশ রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষার নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে নিয়োগ দেওয়ার অভিযোগে করা মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা ও সাবেক সিনিয়র ওয়েলফেয়ার অফিসার (এসডব্লিউও) গোলাম কিবরীয়াকে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি সরোয়ার হোসেনকে খালাস দেওয়া হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালে পূর্বাঞ্চল রেলওয়ের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপারের একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই পদে ১০৯ জন আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৭০ জনকে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। ২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৭ জন প্রার্থী অংশ নেন। উত্তরপত্র মূল্যায়নের পর চারজন প্রার্থী উত্তীর্ণ হন।

অভিযোগ অনুযায়ী, উত্তরপত্র মূল্যায়নকারী শিক্ষকদের তৈরি করা মূল নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে জমা না দিয়ে গোলাম কিবরীয়া নিজেই নতুন একটি নম্বরপত্র তৈরি করেন। এ সময় মূল নম্বরপত্রে ঘষামাজা ও ওভাররাইটিংয়ের মাধ্যমে প্রার্থীদের প্রাপ্ত নম্বর পরিবর্তন করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে দেখা যায়, লিখিত পরীক্ষায় মো. ইব্রাহিম খলিল ৪৬ নম্বর পেলেও ঘষামাজা করে তা ৪০ করা হয়। অন্যদিকে, নিয়োগ পাওয়া মো. সরোয়ার হোসেনের নম্বর ৩১ দশমিক ৫ থেকে বাড়িয়ে ৩৭ দশমিক ৫ করা হয়। এর ফলে মৌখিক পরীক্ষার নম্বরসহ মোট নম্বরে সরোয়ার এগিয়ে যান। পরে তাকে নিয়োগের সুপারিশ করা হলে তাতে অনুমোদন দেন তৎকালীন জিএম ইউসুফ আলী মৃধা।

এ ঘটনায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরবর্তী সময়ে ২০১৮ সালের ২৫ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রবিবার আদালত এ রায় ঘোষণা করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম জানান, মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য এবং উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। পৃথক ধারায় ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সরোয়ার হোসেনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় কিবরীয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানার মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে, ইউসুফ আলী মৃধা পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এস এম/ ২২ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language