ব্রাহ্মণবাড়িয়ার ৭৩ কিলোমিটার সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়া,২২ নভেম্বর-দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং আসন্ন ডিসেম্বরকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, অস্ত্র ও মাদক চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার ৭৩ কিলোমিটার সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পলাতক আসামিদের সীমান্ত পারাপার ঠেকাতেও গোয়েন্দা নজরদারি ও টহল বহুগুণ বাড়ানো হয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, আখাউড়া, বিজয়নগর ও কসবা সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে বিশেষ তল্লাশিচৌকি বসানো হয়েছে। রাতের অন্ধকারে সন্দেহজনক গতিবিধি শনাক্ত করতে প্রচলিত টহলের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে থার্মাল ড্রোন, নাইটভিশন বাইনোকুলার, শক্তিশালী সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা। সম্প্রতি অস্ত্রসহ বাংলাদেশের ভেতরে প্রবেশের দায়ে এক বিএসএফ সদস্যকে আটকের ঘটনার পর সীমান্তের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বিজিবি। ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, চলতি বছরের নভেম্বর পর্যন্ত বিভিন্ন অভিযানে চারটি বিদেশি পিস্তল ও আটটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে গোয়েন্দা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
নিরাপত্তা নজরদারির পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানেও বড় সাফল্য পেয়েছে বিজিবি। গত ২০ নভেম্বর রাতে বিজয়নগরের কামালমোড়া সীমান্ত থেকে প্রায় ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইলের ডিসপ্লে জব্দ করে ২৫ বিজিবি। এর আগে ১৮ ও ১৯ নভেম্বর কসবা সীমান্তে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অভিযানে মাদকসহ প্রায় ৫৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করা হয় এবং চোরাকারবারিদের আটক করা হয়। এ ছাড়া চলতি মাসেই ৭ হাজার পিস ইয়াবা, ৭১ কেজি গাঁজা ও ১০১ বোতল ইস্কফের পাশাপাশি বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে।
এস এম/ ২২ নভেম্বর ২০২৬







