ব্রাহ্মণবাড়িয়া

কসবায় পুলিশের ধাওয়ায় পুকুরে পড়ল মাইক্রোবাস, ৯ বস্তা গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, ২৮ আগস্ট – ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের তাড়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস পুকুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তীতে পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধারের সময় ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানে মাইক্রোবাসের চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে যেতে সক্ষম হন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে উপজেলার সৈয়দাবাদ নয়নপুর সড়কে এসআই শামিমের নেতৃত্বে অভিযান চালায় কসবা থানা পুলিশ।

এ সময় একটি সন্দেহভাজন কালো রঙের মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হলেও চালক তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করলে গাড়িটি কসবা সৈয়দাবাদ সড়ক থেকে আন্দিরপাড় মনকাশাইর সড়কে প্রবেশ করে। একপর্যায়ে খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায় গাড়িটি। পুকুরে পড়ার পর মাইক্রোবাস থেকে গাঁজার বস্তাগুলো পানিতে ভেসে উঠতে শুরু করে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাড়িতে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ক্রেন ব্যবহার করে গাড়িটি উদ্ধার করে এবং ভাসমান ৯ বস্তা গাঁজা জব্দ করে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ জানান, মাদক পাচারের খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। মাইক্রোবাসের চালক সংকেত অমান্য করে পালাতে গিয়ে পুকুরে পড়ে যায়। জব্দকৃত গাঁজা ও মাইক্রোবাস বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এনএন/ ২৮ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language