শিক্ষা

গোপালগঞ্জে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হলো এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ৫ কেন্দ্র!

ঢাকা, ২৯ নভেম্বর – স্থানীয় পর্যায়ে পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় শেষ মুহূর্তে গোপালগঞ্জ জেলায় অনুষ্ঠিত হচ্ছে না ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা। জেলার পূর্বনির্ধারিত পাঁচটি পরীক্ষাকেন্দ্রই সরিয়ে নেওয়া হয়েছে পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলায়। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এই জরুরি সিদ্ধান্তের ফলে গোপালগঞ্জের পরীক্ষার্থীদের এখন নিজ জেলার বাইরে গিয়ে চারটি নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে হবে।

রোববার (২৯ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কেন্দ্র পরিবর্তনের তথ্য নিশ্চিত করা হয়েছে। স্থানান্তরিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু ও নির্বিঘ্নে পরীক্ষা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, গোপালগঞ্জ জেলার পাঁচটি কেন্দ্রের পরীক্ষার্থীদের মাদারীপুরের রাজৈর এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চারটি প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়েছে।

নিচে বিস্তারিত তালিকা তুলে ধরা হলো:

  • গোপালগঞ্জ সরকারি কলেজ: সরকারি রাজৈর গোপালগঞ্জ কপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজ, মাদারীপুর
  • রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ (কাশিয়ানী): আলফাডাঙ্গা সরকারি কলেজ, ফরিদপুর
  • কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ: সরকারি রাজৈর কলেজ, মাদারীপুর
  • টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ: শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয় (রাজৈর), মাদারীপুর
  • মুকসুদপুর সরকারি কলেজ: শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয় (রাজৈর), মাদারীপুর

প্রতিকূল পরিবেশের কারণে যাতে শিক্ষার্থীদের একটি বছর নষ্ট না হয়, সেজন্য বিকল্প ব্যবস্থায় পরীক্ষা নেওয়ার এই উদ্যোগ নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। তবে পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে স্থানীয় প্রশাসনের বিশেষ নজরদারি এখন জরুরি হয়ে পড়েছে।

এনএন/ ২৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language