নতুন তিন সরকারি মেডিকেল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ১৫০ শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত

ঢাকা,২৭ নভেম্বর- ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে দেশের নতুন তিনটি সরকারি মেডিকেল কলেজ। এগুলো হলো রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ, নরসিংদী মেডিকেল কলেজ এবং ঠাকুরগাঁও মেডিকেল কলেজ। কলেজ তিনটিতে প্রাথমিকভাবে ৫০ জন করে মোট ১৫০ জন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ হামিদুল ইসলাম স্বাক্ষরিত ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য হালনাগাদ আসন সংখ্যাসহ সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটের প্রকাশিত চূড়ান্ত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
গত রবিবার (২২ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সরকারি কর্মচারী মেডিকেল কলেজে ৫০ জন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে ১৬ নভেম্বর ভর্তি নীতিমালা হালনাগাদ করার বিষয়ে অনুষ্ঠিত সভায় নরসিংদী ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার সিদ্ধান্ত হয়। কলেজ দুটিতে ৫০টি করে মোট ১০০টি আসন নির্ধারণ করা হয়েছে।
রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত ৫০০ শয্যাবিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতালকে কেন্দ্র করে নতুন সরকারি কর্মচারী মেডিকেল কলেজটি প্রতিষ্ঠা করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে কলেজটি প্রতিষ্ঠার সরকারি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের সরকারি অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, প্রাথমিকভাবে ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতাল প্রাঙ্গণেই কলেজটির শিক্ষা কার্যক্রম চলবে। এ জন্য হাসপাতাল ভবনের দুটি তলা শিক্ষা কার্যক্রম পরিচালনার উপযোগী করে প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় কলেজটির স্থায়ী ক্যাম্পাস তৈরি করা হবে।
সরকারি কর্মচারী হাসপাতাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। এখানে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যরা চিকিৎসাসেবা পেয়ে থাকেন। ৫০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন তিন হাজারের বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। হাসপাতালটিকে কেন্দ্র করে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হলে বিদ্যমান চিকিৎসাসেবার অবকাঠামো চিকিৎসা শিক্ষার কাজেও ব্যবহার করা যাবে।
এদিকে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজগুলোর আসন পুনর্নির্ধারণের অংশ হিসেবে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আসন সংখ্যা ২০০ থেকে বাড়িয়ে ২২০ করা হয়েছে। গত ৫ নভেম্বর কলেজটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ২০টি আসন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এ ছাড়া দেশের ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে ১৬টির আসন সংখ্যা নতুন করে নির্ধারণ করা হয়েছে এবং দুটি কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের তথ্য অনুযায়ী, দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১০৮টি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৪০টি এবং বেসরকারি ৬৮টি। এ ছাড়া আর্মড ফোর্সেস, আর্মি ও নেভি পরিচালিত মেডিকেল কলেজ রয়েছে সাতটি।
পরিবার কল্যাণ বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৫ নভেম্বর আসন পুনর্বিন্যাসের তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, নতুন তিনটিসহ দেশের ৪০টি সরকারি মেডিকেল কলেজে মোট ৫ হাজার ২৭০টি এবং ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২১টি আসন রয়েছে। এ ছাড়া নয়টি সরকারি ডেন্টাল কলেজে ৫৪৫টি এবং ২৫টি বেসরকারি ডেন্টাল কলেজে ১ হাজার ৩৬০টি আসন রয়েছে।
অন্যদিকে, সেনাবাহিনী পরিচালিত বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও রংপুরের পাঁচটি মেডিকেল কলেজে আগে ৫০টি করে মোট ২৫০টি আসন ছিল। এ বছর বগুড়া ও কুমিল্লা মেডিকেল কলেজে ১০টি করে আসন বাড়ানো হয়েছে। ফলে পাঁচটি আর্মি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা বেড়ে ২৭০টি হয়েছে। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ১২৫টি এবং চট্টগ্রামে নৌবাহিনী পরিচালিত মেডিকেল কলেজে ৫০টি আসন রয়েছে।
এস এম/ ২৭ নভেম্বর ২০২৬







