শিক্ষা

মেডিকেল-ডেন্টালে ভর্তিতে ন্যূনতম জিপিএ ৮.৫০ নির্ধারণ, সম্পূরক পরীক্ষার্থীরা অযোগ্য

মেডিকেল-ডেন্টালে ভর্তি

ঢাকা,২৫ নভেম্বর-দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জাতীয় নীতিমালা প্রকাশ করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, ভর্তির আবেদন করতে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ দশমিক ৫০ থাকতে হবে। তবে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এ নীতিমালা প্রকাশ করে।

নীতিমালা অনুযায়ী, আবেদনকারীকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় নিয়মিতভাবে উত্তীর্ণ হতে হবে। এইচএসসি পর্যায়ে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয় থাকা বাধ্যতামূলক। জীববিজ্ঞানে ন্যূনতম জিপি ৩ দশমিক ৫০ বা ‘এ মাইনাস’ গ্রেড থাকতে হবে।

সাধারণ আসনে শুধু বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারবেন। তবে বিদেশি শিক্ষার্থীরা বিদেশিদের জন্য সংরক্ষিত আসনে আবেদন করতে পারবেন। বিদেশি আবেদনকারীদের ক্ষেত্রেও এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ৫-এর স্কেলে মোট জিপিএ কমপক্ষে ৮ দশমিক ৫০ এবং জীববিজ্ঞানে ন্যূনতম জিপি ৩ দশমিক ৫০ থাকতে হবে।

যেসব দেশে এসএসসি ও এইচএসসি পর্যায়ে পাবলিক পরীক্ষা নেই, সেসব দেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে যথাক্রমে দশম ও দ্বাদশ শ্রেণির ফল বিবেচনা করা হবে।

বিএমডিসি জানিয়েছে, দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটে ভর্তির ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে।

এস এম/ ২৫ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language