জাতীয়

এনআইডি নিবন্ধনের ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে আবেদন বাতিল

এনআইডি

ঢাকা,২৫ নভেম্বর-জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নিবন্ধনের পর ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য জমা না দিলে সংশ্লিষ্ট ব্যক্তির আবেদন বাতিল করবে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘদিন ধরে জমে থাকা অনিষ্পন্ন আবেদনগুলো নিষ্পত্তি করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে অনেক আবেদনকারী বায়োমেট্রিক তথ্য না দেওয়ায় তাদের আবেদনগুলো অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকছে। এতে আবেদনের সংখ্যা বাড়লেও সেগুলো নিষ্পত্তির অগ্রগতি হচ্ছে না। এ পরিস্থিতি বিবেচনা করে সমন্বয় কমিটির বৈঠকে বায়োমেট্রিক তথ্য জমা দেওয়ার জন্য ছয় মাসের সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আখতার আহমেদ বলেন, কোনো ব্যক্তির আবেদন অনির্দিষ্টকাল ধরে পেন্ডিং অবস্থায় রাখার সুযোগ নেই। তাই বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকা প্রয়োজন। তবে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না দেওয়ায় আবেদন বাতিল হলেও সংশ্লিষ্ট ব্যক্তি পরবর্তী সময়ে নতুন করে আবেদন করতে পারবেন।

এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম বলেন, অনলাইনে এনআইডির আবেদন করার পর বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য আবেদনকারীকে এসএমএস পাঠানো হয় অথবা ডেকে পাঠানো হয়।

এরপরও কেউ সাড়া না দিলে এবং ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য জমা না দিলে তার আবেদন বাতিল করা হবে।

তিনি জানান, এ সিদ্ধান্তের ফলে এনআইডি পাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে না। আবেদন বাতিল হওয়া ব্যক্তি পরবর্তী সময়ে চাইলে আবার নতুন করে আবেদন করতে পারবেন।

এদিকে নির্বাচন কমিশনে এখন পর্যন্ত এনআইডি সংশোধনের জন্য মোট ৬৫ লাখ ১৫ হাজার ৮৪২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৮৭৪টি আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

বাকি আবেদনগুলো ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে।

এস এম/ ২৫ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language