রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে গোপালগঞ্জজুড়ে সরবরাহ বন্ধের আশঙ্কা

গোপালগঞ্জ,২৭ নভেম্বর- রাজনৈতিক কারণে বিদ্যুৎ অবকাঠামোর ক্ষতি করা হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগ।
আজ বৃহস্পতিবার ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
ওজোপাডিকোর ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দলমত নির্বিশেষে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহের সম্মানিত সব শ্রেণির গ্রাহকের কাছে অনুরোধ, রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু করবেন না।’
ওই পোস্টে আরও জানানো হয়, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। অনুরোধক্রমে, নির্বাহী প্রকৌশলী, ওজোপাডিকো, গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ।
এ বিষয়ে ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, ‘গত ১৯ নভেম্বর ১০০ থেকে ১৫০ জন মানুষ আমার অফিস কম্পাউন্ডে ঢুকে পড়ে। তারা অফিসের একটি গ্লাস ভেঙে ফেলে এবং শেখ মুজিবুর রহমানের ছবি টানিয়ে দেয়। হামলার আশঙ্কায় এরপর থেকে আমার অফিসের লোকজন বাইরে যেতে ভয় পাচ্ছে। তারা যদি কাজ করতে ভয় পায়, তাহলে তো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে না।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘আগামীতে আমাদের গাড়ি বা জনবলের ওপর হামলা হলে আর কাজ করা সম্ভব হবে না। কারণ, স্টাফরা বাইরে কাজ করেন। তারা কাজ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। এ কারণে সবাইকে অনুরোধ জানিয়ে এই পোস্টটি করেছি।’
এস এম/ ২৭ নভেম্বর ২০২৬







