গোপালগঞ্জে বিকাশসহ কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

গোপালগঞ্জ,২৬ নভেম্বর-গোপালগঞ্জে গতকাল বুধবার রাত থেকে বিকাশসহ কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহক, বিশেষ করে কৃষক, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। জরুরি প্রয়োজনে টাকা তুলতে কিংবা স্বজনদের কাছে টাকা পাঠাতে না পেরে অনেকেই এজেন্টের দোকান থেকে ফিরে যাচ্ছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন এলাকায় বিকাশ, রকেট, নগদ ও উপায় এজেন্টের দোকানে গিয়ে এমন চিত্র দেখা যায়। অনেক গ্রাহক মোবাইলে লেনদেন বন্ধের বার্তা পেয়ে টাকা তুলতে বা পাঠাতে এসে ফিরে যাচ্ছেন।
শহরের ফুটপাতের চা বিক্রেতা আরিফুল বলেন, ‘আমি শহরের রাস্তায় চা বিক্রি করে সংসার চালাই। ধানের বীজ কেনার জন্য বাবার কাছে টাকা পাঠাতে গিয়ে দেখি আমার বিকাশ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ। এখন টাকা তুলতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছি। বীজ কেনার জন্য প্রায় সাত হাজার টাকা প্রয়োজন। এত টাকা কীভাবে জোগাড় করব বুঝতে পারছি না। সময়মতো বীজ কিনতে ও বীজতলা তৈরি করতে না পারলে ধানের চারা রোপণে দেরি হবে। এতে আমাদের আর্থিক ক্ষতি হবে।’
দুর্গাপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী পবিত্র বিশ্বাস জানান, তাঁর ছেলে ঢাকায় থেকে পড়াশোনা ও জীবনযাপন করছে। রাতে ফোন করে ছেলে মেসের খাবারের বিল পরিশোধের জন্য টাকা চায়। সকালে টাকা পাঠাতে গিয়ে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ রয়েছে বলে মোবাইলে বার্তা পান।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা সাধারণ মানুষ। আমাদের তো প্রতিদিনের প্রয়োজনেই টাকা লেনদেন করতে হয়। এভাবে সব লেনদেন বন্ধ থাকলে আমরা চলব কীভাবে? যারা কোনো ধরনের আন্দোলন বা কর্মসূচির সঙ্গে জড়িত নন, তাঁদেরও এভাবে ভোগান্তিতে ফেলা ঠিক নয়।’
চৌরঙ্গী রোডের এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা ছোট ব্যবসা করে সংসার চালাই। মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বন্ধ থাকলে আমাদের আয়ও বন্ধ হয়ে যায়। সব ধরনের লেনদেন বন্ধ না করে নির্দিষ্ট সীমা নির্ধারণ করা যেতে পারে। প্রয়োজনে যেসব নম্বরের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, সেগুলো যাচাই করে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন ভোগান্তিতে না পড়েন।’
সদর উপজেলার বনগ্রামের কৃষক শাহজাহান চৌধুরী বলেন, ‘ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য শহরে পাঠিয়েছি। তাদের প্রায়ই খরচ পাঠাতে হয়। এখন টাকা পাঠাতে না পারলে তারা কীভাবে চলবে? আমরা দিনমজুরি ও কৃষিকাজ করে সংসার চালাই। জরুরি প্রয়োজনে টাকা লেনদেন করতে না পারলে আমাদের মতো মানুষেরই বেশি সমস্যা হয়।’
এদিকে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এজেন্ট ব্যবসায়ীরাও। বিকাশ এজেন্ট বুলবুল মোল্লা বলেন, ‘আজ সারা দিনে ব্যবসা অনেক কম হয়েছে। জেলার অধিকাংশ বিকাশ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ থাকায় গ্রাহক আসছেন কম। ফলে আমাদের আয়-রোজগারও কমে গেছে। বিকাশের পাশাপাশি নগদ, উপায় ও রকেটের কিছু অ্যাকাউন্টেও লেনদেনের সমস্যা হচ্ছে। যাদের বড় অঙ্কের লেনদেন রয়েছে, মূলত তাদের অ্যাকাউন্ট বন্ধ রয়েছে বলে জানতে পেরেছি।’
সাধারণ গ্রাহকদের অভিযোগ, মোবাইল ব্যাংকিং এখন শুধু টাকা পাঠানো বা তোলার মাধ্যম নয়; বরং গ্রাম ও শহরের মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কৃষকের বীজ কেনা, শিক্ষার্থীদের মেসের খরচ, পরিবারের চিকিৎসা ব্যয় কিংবা প্রবাসী ও কর্মজীবী স্বজনদের পাঠানো অর্থের মতো অনেক প্রয়োজনই এখন এ সেবার ওপর নির্ভরশীল। ফলে হঠাৎ লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
এ অবস্থায় গ্রাহকদের ভোগান্তি কমাতে জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে হলেও মোবাইল ব্যাংকিং লেনদেন চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাঁদের মতে, কোনো অনিয়ম বা নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে যাচাই-বাছাই করে তা করা যেতে পারে। তবে এর প্রভাব যেন সাধারণ গ্রাহক, কৃষক, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।
রকেট ব্যাংকিংয়ের এরিয়া ম্যানেজার হাবীবুর রহমান বলেন, রকেট অ্যাকাউন্ট বন্ধ রাখার বিষয়ে সরকারি বা আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত তাঁরা পাননি। তবে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার অভিযোগ পেয়েছেন। গ্রাহকদের কাস্টমার কেয়ারে যেতে বলা হয়েছে। কী সমস্যা তৈরি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিকাশের এরিয়া ম্যানেজার মারুফ হাসান সজিব বলেন, কোনো এজেন্ট নম্বর বন্ধ হয়নি। তবে গোপালগঞ্জের এনআইডি কার্ড দিয়ে যেসব অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেগুলোর বেশির ভাগেই এ ধরনের সমস্যা হয়েছে। তাঁর ধারণা, যেসব অ্যাকাউন্টে বেশি লেনদেন হয়েছে, সেগুলো নজরদারিতে রাখার জন্য সরকার হয়তো এ সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলেও তাঁদের কেউই ফোন ধরেননি।
এস এম/ ২৬ নভেম্বর ২০২৬







