ইউরোপ

রাশিয়ার হুমকি মোকাবিলায় ১ লাখ সাবেক সেনাকে প্রস্তুত থাকার চিঠি যুক্তরাজ্যের

১ লাখ সাবেক সেনাকে প্রস্তুত থাকার চিঠি যুক্তরাজ্যের

লন্ডন,২৬ নভেম্বর-রাশিয়ার সম্ভাব্য হুমকির কথা বিবেচনায় নিয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) প্রায় ১ লাখ সাবেক রিজার্ভ সেনা ও সদ্য অবসর নেওয়া সামরিক সদস্যকে প্রয়োজনে তলবের জন্য প্রস্তুত থাকতে বলেছে। ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের বরাত দিয়ে জানা গেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব স্ট্র্যাটেজিক রিজার্ভিস্ট ও সাবেক সেনাদের কাছে চিঠি পাঠিয়েছে। চিঠিতে তাঁদের ব্যক্তিগত তথ্য হালনাগাদ করতে এবং প্রয়োজনে আবার সামরিক বাহিনীতে যোগ দেওয়ার প্রস্তুতি রাখতে অনুরোধ করা হয়েছে।

সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের স্বাক্ষর করা এসব চিঠি স্নায়ুযুদ্ধের পর এই প্রথম পাঠানো হলো। প্রতিরক্ষা মন্ত্রণালয় একে প্রতিরোধক্ষমতা বাড়ানো এবং সংঘাতের ঝুঁকি কমানোর একটি বাস্তবসম্মত পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। তবে মন্ত্রণালয় আশ্বস্ত করেছে, এর অর্থ এই নয় যে তাঁদের এখনই জরুরি ভিত্তিতে তলব করা হচ্ছে। রাশিয়ার হুমকি কতটা গুরুতর, ইউক্রেন যুদ্ধে ব্রিটেনের ভূমিকা কী হওয়া উচিত এবং সামরিক সক্ষমতা বাড়ানোর এই ব্যয় ব্রিটিশ সশস্ত্র বাহিনী বহন করতে পারবে কি না—এমন বিতর্কের মধ্যেই চিঠিগুলো পাঠানো হয়েছে।

যুক্তরাজ্য সরকার এই পদক্ষেপের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেছে। গত ৪ নভেম্বর প্রকাশিত হাউস অব কমন্সের লাইব্রেরি ব্রিফিং অনুযায়ী, সরকারি হুমকি মূল্যায়নে বলা হয়েছে, রাশিয়া এখন আগের চেয়ে বেশি ঝুঁকি নিতে প্রস্তুত। পাশাপাশি ইউরোপজুড়ে নাশকতা, ড্রোন অনুপ্রবেশ ও সাইবার হামলার মতো হাইব্রিড অভিযানও জোরদার করেছে দেশটি। গত মাসে দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক নিবন্ধে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং সতর্ক করে বলেন, ২০৩০ সালের মধ্যে ব্রিটেনের প্রতিপক্ষরা আক্রমণের জন্য প্রস্তুত হয়ে যেতে পারে। তাঁর মতে, এ পরিস্থিতিতে যুক্তরাজ্য ও ন্যাটোর হাতে প্রস্তুতি নেওয়ার জন্য ‘এক হাজার দিনের কিছু বেশি’ সময় রয়েছে।

‘যুদ্ধ করে জয়ী হওয়ার প্রস্তুতি’-কে নিজের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে স্ট্রিটিং দাবি করেন, ‘হাইব্রিড ওয়ারফেয়ার’ বা ‘গ্রে জোন থ্রেট’-এর মতো শব্দ ব্যবহার করে প্রকৃত ঝুঁকিকে কম করে দেখানো হচ্ছে। তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের কারণে সাইবার হামলা চালানো এখন অনেক সহজ হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে নাগরিকদের জরুরি পরিস্থিতির জন্য তিন দিনের খাবার, পানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার আহ্বান জানিয়ে ‘বি রেডি’ প্রচারণা শুরুর কয়েক দিন পরই প্রতিরক্ষামন্ত্রীর এই নিবন্ধ প্রকাশিত হয়। এ ছাড়া সরকার ২০৩০ সালের মধ্যে জিডিপির ৩ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের যে লক্ষ্যমাত্রা ছিল, তা পরিবর্তন করে ২০৩৫ সালের মধ্যে ন্যাটোর নির্ধারিত ৩ দশমিক ৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, রিজার্ভ সেনাদের কাছে পাঠানো চিঠিগুলো সরকারের বৃহত্তর প্রস্তুতিরই অংশ। ব্যতিক্রমী পরিস্থিতিতে তলব করা হতে পারে—এমন প্রায় ১ লাখ স্ট্র্যাটেজিক রিজার্ভিস্ট ও সদ্য অবসর নেওয়া সেনাদের কাছে এসব চিঠি পাঠানো হয়েছে। এতে তাঁদের যোগাযোগের ঠিকানা হালনাগাদ করার পাশাপাশি বর্তমান পেশা ও দক্ষতার তথ্য দিতে বলা হয়েছে। একই সঙ্গে ২০২৭ সালের বসন্তে অনুষ্ঠিতব্য ন্যাটোর বড় সামরিক মহড়া ‘স্টিডফাস্ট ডিফেন্ডার’-সহ বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ায় স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

একটি সামরিক সূত্র জানিয়েছে, স্বল্প সময়ের নোটিশে রিজার্ভ সেনাদের মোতায়েন করার কোনো পরিকল্পনা এখনই নেই। তবে তাঁদের তথ্য নিয়ে হালনাগাদ ডেটাবেজ ও যোগাযোগের ব্যবস্থা না রাখাটা হবে বোকামি। দ্য টেলিগ্রাফ আরও জানিয়েছে, যুক্তরাজ্য সরকার ন্যাটোর আর্টিকেল-৩ নিয়েও গভীরভাবে ভাবছে। এই ধারায় সদস্য দেশগুলোর সশস্ত্র আক্রমণ প্রতিরোধের সক্ষমতা বজায় রাখার বাধ্যবাধকতা রয়েছে।

এস এম/ ২৬ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language