ইউরোপ

ইউক্রেনের জন্য গোয়েন্দা ড্রোন উৎপাদনে ৩ কোটি ৪০ লাখ ইউরো দেবে জার্মানি

ড্রোন উৎপাদনে ৩ কোটি ৪০ লাখ ইউরো দেবে জার্মানি

বার্লিন,২৪ নভেম্বর-রাশিয়ার হামলায় ইউক্রেনের নিজস্ব অস্ত্র উৎপাদন ব্যাহত হওয়ায় দেশটি এখন ক্রমেই ইউরোপীয় অস্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য গোয়েন্দা ড্রোন তৈরি শুরু করার ঘোষণা দিয়েছে জার্মানি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এ তথ্য জানিয়েছেন।

রোববার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনের পরপরই এ ঘোষণা আসে। ওই প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা শিল্প সম্ভবত উৎপাদনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। পত্রিকাটির মতে, অর্থায়নের সংকট, শ্রমিকের অভাব এবং ড্রোন তৈরির কারখানাসহ দেশটির সামরিক-শিল্প স্থাপনাগুলোতে মস্কোর ব্যাপক ও তীব্র হামলার কারণে রাশিয়ার সমপর্যায়ের অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে পারছে না ইউক্রেন।

সোমবার বার্লিনে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভজেনি খমারার সঙ্গে বৈঠকের পর পিস্টোরিয়াস জানান, বাবকা গোয়েন্দা ড্রোন উৎপাদন শুরু করতে জার্মানি ৩ কোটি ৪০ লাখ ইউরো (৩ কোটি ৭০ লাখ ডলার) বরাদ্দ দেবে। তিনি আরও জানান, এসব ইউএভি বা ড্রোন তৈরির জন্য জার্মান কোম্পানি উইংকপ্টার এবং ইউক্রেনের প্রতিষ্ঠান শ্যাডো ফ্লাইটেক ইতোমধ্যে যৌথ উদ্যোগ গঠন করেছে।

এদিকে, ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তার কঠোর সমালোচনা করে আসছে মস্কো। রাশিয়ার দাবি, এ সহায়তা শুধু যুদ্ধকে দীর্ঘায়িত ও তীব্রতর করছে। পাশাপাশি সংঘাতে রাশিয়ার লক্ষ্য অর্জনও কোনোভাবেই ঠেকাতে পারবে না এটি। মস্কো সতর্ক করে বলেছে, অস্ত্র সরবরাহ ও গোয়েন্দা তথ্য আদান-প্রদানের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্য এ সংঘাতে সরাসরি পক্ষ হিসেবে বিবেচিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এতে রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা বাড়ছে।

পিস্টোরিয়াস আরও জানান, ২০২৭ সালে রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের সামরিক অভিযানে বার্লিন আরও ১ হাজার ১৬০ কোটি ইউরো (১ হাজার ২৭০ কোটি ডলার) ব্যয় করার পরিকল্পনা করছে। এ ক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সংঘাত তীব্র হওয়ার পর থেকে ইউক্রেনের জন্য জার্মানির সামরিক সহায়তার প্রতিশ্রুতির পরিমাণ ৫ হাজার ৭০০ কোটি ইউরো (৬ হাজার ২২০ কোটি ডলার) ছাড়িয়েছে। এর মধ্যে আগামী বছরগুলোর জন্য বরাদ্দ করা অর্থও রয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী খমারা জানিয়েছেন, কিয়েভ ও বার্লিন বর্তমানে ১০০ কোটি ইউরোর বেশি মূল্যের ছয়টি যৌথ প্রতিরক্ষা উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করছে। তবে প্রকল্পগুলো কী কী, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। এর আগে সপ্তাহান্তে যুক্তরাজ্যে ইউক্রেনের মাঝারি ও দূরপাল্লার আক্রমণাত্মক ড্রোন তৈরির বিষয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের সঙ্গেও একই ধরনের একটি চুক্তি করেন খমারা।

গত এপ্রিলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের ড্রোন ও এর যন্ত্রাংশ উৎপাদনের সঙ্গে জড়িত কোম্পানিগুলোর একটি তালিকা প্রকাশ করেছিল। ওই তালিকায় জার্মানির তিনটি প্রতিষ্ঠানও ছিল। সে সময় মস্কো সতর্ক করে বলেছিল, ইউরোপীয় দেশগুলো ধীরে ধীরে ইউক্রেনের কৌশলগত পশ্চাৎভূমিতে পরিণত হচ্ছে। পরে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এসব প্রতিষ্ঠান রাশিয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

জার্মানি ও ব্রিটেনের সঙ্গে ড্রোন উৎপাদনসংক্রান্ত এসব চুক্তি এমন এক সময়ে হলো, যখন পেন্টাগনের নীতিনির্ধারক প্রধান এলব্রিজ কোলবি গত সপ্তাহে এ বিষয়ে সমালোচনা করেছিলেন। তাঁর যুক্তি ছিল, রাশিয়ার অভ্যন্তরে বেসামরিক অবকাঠামোতে কিয়েভের হামলা মস্কোর সংকল্প আরও দৃঢ় করেছে এবং সংঘাত নিরসনে কোনো ভূমিকা রাখেনি। পিস্টোরিয়াস কোলবির এই মূল্যায়নকে বেশ বোকামি বলে উড়িয়ে দেন। পরে এমন শব্দ ব্যবহারের জন্য ক্ষমা চাইলেও কিয়েভের হামলাগুলোকে ‘লক্ষ্যভিত্তিক ও কৌশলগত’ বলে সমর্থন অব্যাহত রাখেন তিনি।

অন্যদিকে, ইউক্রেন সংঘাত এবং ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনার জন্য মস্কোয় ইইউর প্রতিনিধি পাঠানোর বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণ সোমবার সরাসরি গ্রহণ করেনি ইউরোপীয় কমিশন। আলোচনার টেবিলে নিজেদের অবস্থান নিশ্চিত করতে চাওয়া জোটটি বহুপক্ষীয় আলোচনার প্রতি তাদের অগ্রাধিকারের কথা আবারও জানিয়েছে।

গত ১০ ও ১১ নভেম্বর আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় আলোচনায় ইউরোপীয় কর্মকর্তারা অংশ নেননি। ক্রেমলিনের মতে, খুব শিগগিরই আরও এক দফা আলোচনা হওয়ার কথা রয়েছে। গত সপ্তাহে পুতিন জোর দিয়ে বলেছিলেন, মস্কো পরবর্তী আলোচনার রূপরেখা তৈরির আগে ইউরোপ এ আলোচনায় কী নিয়ে আসবে, তা বুঝতে হবে।

সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ প্রশ্ন তুলেছেন, ইউক্রেনের ইউরোপীয় সমর্থকরা কি শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী কোনো জোট, নাকি সংঘাত দীর্ঘায়িত করতে চায় এমন কোনো জোট? এর আগেও রাশিয়া শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির ওপর জোর দিয়ে শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টার জন্য ইউরোপকে দায়ী করেছে। মস্কোর যুক্তি, এ যুদ্ধবিরতি শুধু কিয়েভকে নতুন করে অস্ত্রসজ্জিত হতে এবং তাদের বাহিনী পুনর্গঠনের সুযোগ করে দেবে।

এস এম/ ২৪ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language