সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: গালিবাফ

তেহরান,২৪ নভেম্বর-যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে ইরানের দেওয়া সাতটি শর্ত পূরণের দাবি আবারও স্পষ্ট করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি জানিয়েছেন, ওয়াশিংটনের প্রতি তেহরানের অবস্থান আগের মতোই রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের হুমকি ও অবমাননাকর বক্তব্যকে দেশটির হতাশার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তিনি।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স নিউজ গালিবাফের বক্তব্য প্রকাশ করেছে। এ খবর জানিয়েছে আলজাজিরা। গালিবাফ বলেন, ইরানের অবস্থান নিয়ে কোনো অস্পষ্টতা নেই এবং তাতে কোনো পরিবর্তনও আসেনি। সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা বা পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।
প্রতিপক্ষকে সতর্ক করে ইরানের এই শীর্ষ আলোচক বলেন, শত্রুপক্ষের যেকোনো পদক্ষেপের যথাযথ জবাব দিতে তেহরান প্রস্তুত। প্রতিপক্ষ ভুল হিসাব করলে সংঘাতের ভৌগোলিক পরিধিই বদলে দেওয়া হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সাম্প্রতিক হুমকি ও মন্তব্যের প্রতিক্রিয়ায় গালিবাফ এসব কথা বলেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘সাপের মাথা গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত’ ইরানের অবৈধ আর্থিক নেটওয়ার্ক ধ্বংসের অভিযান চালিয়ে যাবে তাঁর দপ্তর।
এর ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৩ নভেম্বর) মার্কিন অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি ডিপার্টমেন্ট) ইরানের বৈশ্বিক ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক ভেঙে দেওয়ার লক্ষ্যে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। এসব নিষেধাজ্ঞার আওতায় দেশটির দুই ডজনের বেশি মানি এক্সচেঞ্জ হাউস, ফ্রন্ট কোম্পানি এবং গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইরানের পক্ষ থেকে দেওয়া সাতটি শর্তের মধ্যে রয়েছে দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা ইরানি তহবিল ফেরত দেওয়া, সব রণাঙ্গনে শত্রুতা ও হামলা বন্ধ করা এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা।
এস এম/ ২৪ নভেম্বর ২০২৬







