হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত ও তিন তেলবাহী ট্যাংকারে আগুনের দাবি ইরানের

তেহরান,২৪ নভেম্বর-কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। প্রণালির পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। পাশাপাশি, এই নৌপথে মাইন বিস্ফোরণের কারণে তিনটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার কথাও জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এসব ঘটনার পর মার্কিন সামরিক বাহিনীর আকাশপথের নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে তেহরান।
বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, দেশটির সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হরমুজ প্রণালির পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের একটি ‘লো-কস্ট আনম্যানড কমব্যাট অ্যাটাক সিস্টেম’ (লুকাস) ড্রোন ধ্বংস করেছে। তবে কী পরিস্থিতিতে বা কীভাবে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আইআরএনএ। অন্যদিকে, ইরানের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
ড্রোন ভূপাতিত করার পাশাপাশি হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের দাবিও করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। সংস্থাটি জানিয়েছে, সোমবার গভীর রাতে এসব ঘটনা ঘটে।
আইআরজিসির নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী, ট্যাংকারগুলোর মধ্যে দুটি হরমুজ প্রণালির পূর্ব অংশে নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং তিনটি জাহাজেই আগুন ছড়িয়ে পড়ে।
এসব ঘটনা ঠেকাতে মার্কিন সামরিক বাহিনীর আকাশপথের নিরাপত্তাব্যবস্থা ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে আইআরজিসি। একই সঙ্গে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ভিডিও ফুটেজ প্রকাশের ঘোষণাও দিয়েছে সংস্থাটি।
এদিকে, ইরানের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নির্ধারিত নৌপথের বাইরে চলাচল না করতে জাহাজগুলোকে সতর্ক করেছে আইআরজিসির নৌবাহিনী। পাশাপাশি হরমুজ প্রণালিতে নৌ চলাচলসংক্রান্ত সতর্কবার্তা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে তেহরান হুঁশিয়ারি দিয়েছিল, ইরানের কর্তৃপক্ষের নির্ধারিত পথ অনুসরণ না করলে কিংবা অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
বিশ্বের জ্বালানি সরবরাহব্যবস্থায় হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বড় একটি অংশ পরিবহনের জন্য এই নৌপথ ব্যবহার করা হয়। ফলে সেখানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায় তেহরান।
পরবর্তী সময়ে গত ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তবে হরমুজ প্রণালিতে জাহাজের অবাধ চলাচল নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য থাকায় সমঝোতার বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়। যুদ্ধ বন্ধের উদ্যোগ চলমান থাকলেও জুলাই থেকে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
এস এম/ ২৪ নভেম্বর ২০২৬







