ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নতুন লঞ্চার প্রদর্শন করে সামরিক শক্তির বার্তা দিল ইরান

তেহরান,২৩ নভেম্বর-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও নিজেদের সামরিক সক্ষমতা অটুট রয়েছে বলে দাবি করছে ইরান। এই বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে দেশটি নিজেদের উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও ভূগর্ভস্থ সামরিক স্থাপনাগুলো প্রদর্শন করছে।
একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনায় কমান্ডারদের পরিদর্শনের ভিডিও প্রকাশ করে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সর্বশেষ এই প্রদর্শনীতে একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম একটি ‘ডুয়াল-মিসাইল লঞ্চার’ও দেখানো হয়েছে।
ডুয়াল-মিসাইল লঞ্চার কী?
গত তিন দশকে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান। গত শনিবার (২১ নভেম্বর) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল আহমদ ভাহিদি ভূগর্ভস্থ স্থাপনাটি পরিদর্শনের সময় নতুন এই ডুয়াল-মিসাইল লঞ্চার উন্মোচন করা হয়।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির তথ্য অনুযায়ী, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স তাদের উন্নত ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জামের সম্ভার প্রদর্শন করেছে। এসব সরঞ্জামের মধ্যে এই লঞ্চারটিও ছিল। এটি একই সঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র বহন ও নিক্ষেপের উপযোগী করে তৈরি করা হয়েছে।
আইআরআইবি জানিয়েছে, তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্রগুলো খাড়াভাবে নিক্ষেপ করা হয় এবং এগুলোর গতি নিয়ন্ত্রণের সক্ষমতা রয়েছে। এ সক্ষমতা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সহায়তা করতে পারে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে, ইরানের সর্বশেষ প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ও নির্ভুলতা বেড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ছাড়াই স্বাধীনভাবে লক্ষ্যবস্তু শনাক্ত ও নির্দেশনা পাওয়ার সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে।
এস এম/ ২৩ নভেম্বর ২০২৬







