ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনের সংলাপে বসছে ইসি

ঢাকা,২৩ নভেম্বর-আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী এই সংলাপ অনুষ্ঠিত হবে।
তারা জানান, চলতি মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সেই অনুযায়ী, আগামী ২৯ বা ৩০ নভেম্বর থেকে তিন দিনব্যাপী এই সংলাপ শুরু হতে পারে। প্রয়োজনে নভেম্বরের শেষ দিনেও সংলাপ শুরু করতে পারে কমিশন।
ইসির কর্মকর্তারা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হবে। এ সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও একটি সভা অনুষ্ঠিত হবে।
নির্ধারিত সময়েই ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা। তারা বলেন, বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য পরিস্থিতি তৈরি না হলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা এই তফসিল ঘোষণা করবেন। তাদের আশা, তফসিল ঘোষণার পর ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ তৈরি হবে এবং উৎসবমুখর পরিবেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির পরিকল্পনা অনুযায়ী ইউপি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো বাধা দেখছেন না কমিশনের শীর্ষ কর্মকর্তারা। তারা জানান, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের নির্ধারিত তারিখের প্রায় ৪৫ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
ইসির কর্মকর্তারা আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচন সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের কাছ থেকেও পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে বলে তারা আশাবাদী। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা উল্লেখ করেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, সেসব দলের সঙ্গেই তিন দিনব্যাপী এই সংলাপ অনুষ্ঠিত হবে। এ ছাড়া পরবর্তী সময়ে যেসব দল নিবন্ধন পেয়েছে, তাদের সঙ্গেও আলোচনা করা হবে।
তিনি বলেন, ইউপি নির্বাচন আয়োজনের জন্য ইসির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই তারিখের প্রায় ৪৫ দিন আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
ইসি আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, নির্বাচনে যারা প্রার্থী হবেন, তাদের অবশ্যই আচরণবিধি মেনে চলতে হবে। ভালো নির্বাচন আয়োজনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সমানভাবে প্রয়োজন। তার মতে, এই চারটি বিষয়ের ওপরই সুষ্ঠু নির্বাচন নির্ভর করে।
তিনি জানান, ইউপি নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয়ভাবে এবং এলাকাভিত্তিকও সভা করা হবে। ইউপি নির্বাচন শুরু হলে মানুষ ভোটের দিকে ঝুঁকবেন এবং উৎসবমুখর ভোটের পরিবেশ তৈরি হবে।
এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও একটি সভা অনুষ্ঠিত হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চাওয়া হবে।
পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপি নির্বাচন:
পাঁচ ধাপে দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসির ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট অনুষ্ঠিত হবে, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।
ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি ইউপি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউপি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউপিতে ভোট হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে।
গত ১৬ নভেম্বর কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, ইউপি নির্বাচন শুরুর আগে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। চলতি মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিন ধরে নিবন্ধনের ক্রমিক অনুযায়ী দলগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে। স্থানীয় সরকার নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে আয়োজন করা যায়, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এস এম/ ২৩ নভেম্বর ২০২৬







